বারবার গোষ্ঠীকোন্দলে জেরবার মালদহ তৃণমূল কংগ্রেস
এখনও ঘোষণা হয়নি প্রার্থী তালিকা। তার আগেই দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার মালদা। একদিকে প্রাক্তন মন্ত্রী তথা নবদ্বীপের বিদায়ী বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনেও দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে জেলায়। তার আরও এক ধাপ এগিয়ে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। তৃণমূলের প্রার্থী তালিকা কালীঘাট থেকে ঘোষণা হয়। কিন্তু এবার যেন আর তর সইছে না দলের নেতাদের। নিজেরাই এগিয়ে এসেছেন নিজেদের নাম ঘোষণা করতে। যেমন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে সাবিত্রী জানিয়ে দেন, তিনিই মানিকচক বিধানসভার প্রার্থী। অন্য কেউ নয়। নেত্রীর এমন ঘোষণায় ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে জেলায়। একইসঙ্গে উঠে আসছে গোষ্ঠীকোন্দলের তত্ত্বও।

মালদহ জেলা বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খবরের শিরনামে উঠে এসেছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, নীহাররঞ্জন ঘোষ কিংবা সাবিত্রী মিত্র-কোন্দল নিয়ে বিভাজন স্পষ্ট হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কানে যায় সে সব খবর। সম্প্রতি জেলা সফরে গিয়ে এ নিয়ে কড়া বার্তাও দিয়েছেন তিনি। তবু পরিস্থিতিতে কোনও বদল আসেনি বলেই অভিযোগ।
দলীয় ওই কর্মসূচিতে অংশ নিয়ে সাবিত্রীর ঘোষণা, 'মানিকচক কেন্দ্রে জেতার মতো দলে আমি এখনও পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। আজ আমি ঘোষণা করে দিচ্ছি সাবিত্রী মিত্র এখানে প্রার্থী হবে। অন্য কেউ নয়।' সাবিত্রীর এই ঘোষণায় হইচই পড়ে গিয়েছে জেলায়। এর তীব্র সমালোচনা করেছেন জেলার অন্যান্য তৃণমূল নেতা। তৃণমূল নেতা দুলাল সরকারের প্রতিক্রিয়া, 'প্রতি কেন্দ্রে ১০-১২ জন করে দাবিদার আছেন। উনিও তেমনই দাবিদার।'












Click it and Unblock the Notifications