Lok Sabha Election: সীমান্তের কাঁটাতার পেরিয়ে এসে ভোট দিলেন ভারতীয় নাগরিকরা, নির্বাচনের দিনেও আতঙ্কের নাম সিএএ
ভারতে চলছে লোকসভা নির্বাচন, গোট বিশ্বের নজর রয়েছে বৃহত্তম গণতন্ত্রের উৎসবে। শুক্রবার উত্তরবঙ্গের তিনটি আসনে ভোটগ্রহণ হল। দার্জিলিং, রায়গঞ্জের মতোই নির্বাচন অনুষ্ঠিত হল বালুরঘাটেও। বাংলাদেশ সীমান্তবর্তী এই লোকসভা কেন্দ্রে সামিল হলেন কাঁটাতারের ওপারের মানুষরাও।
গণতন্ত্রের উৎসবে সামিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতারের ওপাড়ে থাকা ভারতীয় ভূখন্ডের গ্রামের বাসিন্দারা। ভারতীয় ভূখণ্ডের বাইরে থাকলেও তাঁরা ভারত রাষ্ট্রের নাগরিক। তাই লোকসভা ভোটে ভোট দিলেন কাঁটাতারের ওপাড়ে থাকা ভারতীয় নাগরিকরা। তিন দিক ভারত বাংলাদেশ সীমান্ত ঘেরা দক্ষিণ দিনাজপুর জেলায় সীমান্তের কাটাতারের ওপাড়ে রয়েছে একাধিক গ্রাম।

এদিন শ্রীকৃষ্ণপুর, কালিকাপুর বুথে ভোট দিতে দেখা যায় কাঁটাতারের বাইর থাকা ভারতীয় ভূখণ্ডের অধিবাসীদের। প্রখর রৌদ্র উপেক্ষা করে সীমান্তবর্তী বুথগুলিতে এদিন ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। তবে ভোটের দিনেও সীমান্তবর্তী গ্রামবাসীদের মুখে উঠে এসেছে সিএএ প্রসঙ্গ। সিএএ বা এনআরসি লাগু হওয়ার পর কী আদৌও গণতন্ত্রের উৎসবে সামিল হতে পারবেন তাঁরা?
শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মাস্তান মণ্ডল ভোট দিতে এসে জানালেন, 'তারা ভারতের নাগরিক লোকসভা নির্বাচনে সামিল হয়েছেন তাহলে কেন তাদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। আমরা সিএএ নিয়ে আতঙ্কিত।' অপরদিকে শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা কালিকাপুর বুথের ভোটার আলমগীর মণ্ডল বা তৈমুর মণ্ডলদের আজ খুশির দিন। কারণ গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে সামিল হতে পেরেছেন।
ভোটারদের বক্তব্য, ভোটদানের ক্ষেত্রে তাদের কোন অসুবিধা নেই, কড়া প্রহরায় ভোট দানের এই ব্যবস্থায় তারা খুশি। উত্তর জামালপুর গ্রামের বাসিন্দা নতুন ভোটার খেয়া খাতুন নতুন ভোটার হিসাবে প্রথমবার ভোটদান করেন শ্রীকৃষ্ণপুর বুথে। ভোট দান করে সংবাদমাধ্যমের সামনে খুশি প্রকাশ করেছে খেয়া।
ভোটের দিন বলেই এত স্বাধীনভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারলেন সীমান্ত গ্রামের বাসিন্দারা। বছরের বাকি ৩৬৪ দিন তাঁদের চলাফেরায় থাকে কড়া নজরদারি। ভারতীয় ভূখণ্ডে প্রবেশের ক্ষেত্রেও নিয়মের বেড়া জাল।
তবে গণতন্ত্রের এই উৎসবের মাঝেও কাটাতারের ওপাড়ে থাকা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের আবেদন তাদের চলাফেরায় স্বাধীনতা দেওয়া হোক। পাশাপাশি সরকারি সূযোগ - সুবিধা থেকে তারা যেন বঞ্চিত না হন। তাঁরাও যে ভারতেরই নাগরিক।












Click it and Unblock the Notifications