প্রবল বৃষ্টিতে সিকিমে ধস! আটকে থাকা ৫০০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
প্রবল বৃষ্টির জেরে নেমেছে ধস। অবরুদ্ধ রাস্তায় আটকে ছিলেন কয়েকশ পর্যটক। অবশেষে সেই পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা। উত্তর সিকিমে ভূমিধসের কারণে আটকে পড়া প্রায় ৫০০ জন পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী। উদ্ধার হওয়া সব পর্যটক বর্তমানে নিরাপদে রয়েছেন।
১৯ মে উত্তর সিকিমের জেন এ লাচেন, লাচুং এবং চুংথাং-এ মুষলধারে বৃষ্টি হয়। তার জেরেই প্রায় ৫০০জন পর্যটক আটকে পড়েছিলেন। এরা মূলত লাচুং এবং লাচেন উপত্যকায় ভ্রমণ করছিলেন।

এসডিএম চুংথাং-এর অনুরোধে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার কাজে নেমে পড়ে দ্রুত। আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। আটকে পড়া পর্যটকদের মধ্যে ২১৬ জন পুরুষ, ১১৩ জন মহিলা এবং ৫৪ জন শিশু ছিল। তাঁদের তিনটি আলাদা আর্মি ক্যাম্পে আশ্রয়ের ব্যবস্থা করা হয়। গরম খাবার এবং গরম পোশাক সরবরাহ করা হয়।
পর্যটকদের রাতে থাকার জন্য সেনাবাহিনী তাদের ব্যারাক খালি করে দেয়। তিনটি মেডিক্যাল টিমও গঠন করা হয়, যারা সমস্ত পর্যটকদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে।
অন্যদিকে, গত ২০ মে একজন মহিলা পর্যটক অসুস্থ হয়ে পড়েন, যিনি গুরুদংমার লেকে গিয়েছিলেন। মাথাব্যথা এবং মাথা ঘোরার উপসর্গ ছিল তাঁর। নিকটবর্তী ফিল্ড হাসপাতালের লেডি মেডিক্যাল অফিসার সহ মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছয় এবং তীব্র মাউন্টেন সিকনেস (এএমএস)-এর লক্ষণ শনাক্ত করেন মহিলার শরীরে।

সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়। আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। দ্রুত যান চলাচলের জন্য রাস্তাটি পরিষ্কার করার কাজও শুরু হয়েছে। পর্যটকদের যাওয়ার জন্য রুটটি পরিষ্কার না হওয়া অবধি তাদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে।












Click it and Unblock the Notifications