Bengal By Elections Result: মাদারিহাট তৃণমূলের, চা বাগানে ফিকে হল গেরুয়া আবির
মাদারিহাট বিধানসভা কেন্দ্র হাতছাড়া হল বিজেপির। চা বাগানে গেরুয়া আবির এবার আর উড়ল না। তার বদলে সবুজ আবিরে ছেয়ে গেল এলাকা। বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পো।
এবারের উপনির্বাচনে মাদারিহাট কেন্দ্র ঘিরে রাজনৈতিক চর্চা অনেক বেশি ছিল। মাদারিহাট নিজেদের দখলে রাখতে পারবে বিজেপি। এমনই দাবি করেছিলেন নেতৃত্ব। উপনির্বাচনে জোর প্রচার করে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই আসন ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া ছিল।

এবারের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মনোজ টিগগা জয়ী হয়েছিলেন। সেই সময় বিজেপি প্রার্থী ৩০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। কিন্তু গোটা ভোটব্যাঙ্ক এবার উল্টে গেল। ২৮ হাজারের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো।
জয়প্রকাশ টপ্পো মোট ৭৯,১৮৬ টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির রাহুল লোহার। তাঁর প্রাপ্ত ভোট ৫১,০১৮ টি ভোট। এই হার যথেষ্ট ইঙ্গিতপূর্ণ উত্তরবঙ্গে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। চা বাগানে দীর্ঘ সময় ধরে বিজেপির ভোটব্যাঙ্ক ছিল। সেই ভোটব্যাঙ্কে সদ্য হওয়া লোকসভা নির্বাচনেই আঘাত করেছিল তৃণমূল। এই আসনে ভোটের ব্যবধান কমিয়ে এনেছিল তৃণমূল। বিধানসভার ভোটের নিরিখে ১১ হাজার ভোটে নামিয়ে আনা হয়েছিল ব্যবধান। এবার বিধানসভা উপনির্বাচনে আসন ছিনিয়ে নিল তৃণমূল।
ভোট গণনার শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। তারপর ব্যবধান বাড়াতে থাকে। তৃণমূল এক সময় অনেকটাই বাড়িয়ে নেয় ভোটের ব্যবধান। ১০ রাউন্ড গণনার পর প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। মাদারিহাটের মানুষ তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হতে চান। সেই কারণে এবার বিজেপি হারল৷ এমনই দাবি তৃণমূল নেতৃত্বের।
এবারের নির্বাচনে জন বার্লা প্রচারে নামেননি। বিজেপির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা চলছে। জন বার্লার উপস্থিত না থাকা কী বিজেপির ভোটব্যাঙ্কে ধাক্কা দিল? সেই প্রশ্ন উঠছে। চা বাগান ও শ্রমিকদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। তারই প্রতিফলন এই ফলাফল, জানিয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো।
এই হার বড় ধাক্কা দিল বিজেপিকে। কেন হাতছাড়া হল জেতা আসন? সেই বিষয়ে পর্যালোচনা হবে। জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব৷












Click it and Unblock the Notifications