স্বামী মানিক ফিরলেন উত্তরকাশী থেকে, দিনভর পছন্দের রান্না করলেন স্ত্রী
মাঝে কেটে গিয়েছে প্রায় সাত মাসের বেশি। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন স্বামী মানিক তালুকদার। এতকাল পরে বাড়ি ফিরেছেন তিনি। তাই পছন্দের রান্না দিনভর করেছেন স্ত্রী সোমা তালুকদার। বাড়িতে এখন খুশির পরিবেশ।
শুক্রবার দুপুরেই দিল্লি থেকে আসা বিমানে বাগডোগরা নেমেছেন মানিক তালুকদার। উত্তরকাশীর টানেলে কাজ করতে গিয়ে আটকা পড়ে যান তিনি। ৪১ জন শ্রমিকের বেঁচে থাকার লড়াই। টানা ১৭ দিন প্রতিকূল পরিস্থিতিতে টানেলের মধ্যে বেঁচে থাকা। প্রথম ১০ দিন কেবল মুড়ি খেয়ে কাটিয়েছিলেন তারা।

তাদের এরপর উদ্ধার করা হয়। প্রত্যেককেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে শারীরিক ও মানসিক চিকিৎসা। মানিক তালুকদার আজ শুক্রবার বাড়ি ফিরে এলেন। আর স্বামীর ফেরার আনন্দেই আত্মহারা স্ত্রী সোমা তালুকদার। এতদিন পর বাড়িতে ফিরেছেন স্বামী। সেই আনন্দে সোমা তালুকদার রান্না করেছেন।
রান্নার পদে আছে রুই মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট, পাতলা মুসুরের ডাল, আলু ভাজা। মানিকবাবু মাছ মাংস দুটোই খেতে ভালোবাসেন। সেজন্য মাংসও রান্না করা হয়েছে। এইসবের পাশাপাশি অবশ্যই রয়েছে শেষ পাতে মিষ্টি। পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনরা ধীরে ধীরে আসতে শুরু করেছে বাড়িতে। তারাও খুব আনন্দিত ঘরের মানুষের ফিরে আসায়।
শুক্রবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছায় তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই মানিককে সংবর্ধনা দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামের মানুষ।
তিনি বলেন, "বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। ওই জায়গায় পরিস্থিতি খুবই খারাপ ছিল। তবে আমরা ভয় পাইনি। ১৭ দিনের অভিজ্ঞতা বলতে গেলে আমরা প্রথমে ১৮ ঘন্টা অক্সিজেন পাইনি। এরপর আমরা পাম্প দিয়ে জল বের করে দেই। তখনই বুঝতে পারা গিয়েছে যে আমরা ঠিক আছি।"
বেশি অর্থ উপার্জনের জন্যই বাইরে কাজ করতে যাওয়া। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। তাহলে এরপর কি আবার বাইরে যাবেন কাজ করতে? প্রশ্ন থাকছেই।












Click it and Unblock the Notifications