কোটি কোটি টাকা খরচেও হয়নি উন্নয়ন, দার্জিলিং ছাড়ার আগে জিটিএ-তে দুর্নীতি নিয়ে বিস্ফোরক রাজ্যপাল ধনখড়
দার্জিলিং ছাড়ার আগে জিটিএ নিয়ে বিস্ফোরক রাজ্যপাল ধনখড়
দার্জিলিং (Darjeeling) ছাড়ার আগে জিটিএ (gta) নিয়ে বিস্ফোরক রাজ্যপাল ধনখড় (jagdeep dhankhar)। এদিন তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু সেখানে কোনও উন্নয়ন হয়নি। জিটিএ অ্যাকাউন্টের অডিট করানো হবে বলে জানিয়েছেন তিনি। নাম না করে রাজ্যপাল কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) সরকারকেই নিশানা করেছেন। সিএজিকে দিয়ে জিটিএ অডিট করানোর হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যপাল।

জিটিএ নিয়ে বিজেপির অভিযোগ
বিজেপির তরফে জিটিএ-তে (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) দেওয়া কেন্দ্রীয় সাহায্য নয়ছয়ের অভিযোগ তুলেছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ত। তিনি দাবি তুলেছিলেন, আগে জিটিএ নিয়ে অডিট করানো হোক। যতদিন না পর্যন্ত অডিট করানো হচ্ছে, ততদিন পর্যন্ত সব বরাদ্দ বন্ধ করে দেওয়া হোক।
Recommended Video

অভিযোগ তুললেন রাজ্যপালও
উত্তরবঙ্গ সফরের শেষ দিনে রাজ্যপাল জিটিএ নিয়ে অভিযোগ তুললেন। এদিন তিনি বলেন, জিটিএ এলাকায় বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে। সেই অর্থ খরচের অডিট হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, যেভাবে উন্নয়নের কাজ হওয়া উচিত ছিল তা হয়নি। অনেক ক্ষেত্রেই স্থানীয়ভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পাহাড়ের মানুষকে অসম্মান
রাজ্যপালের এই অভিযোগকে পাহাড়ের মানুষের অসম্মান হিসেবেই দেখছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে বলা হয়েছে, অসংবিধানিক কথা বলছে রাজ্যপাল। তৃণমূলের তরফে পাল্টা দাবি করে বলা হয়েছে, প্রত্যেক বছরই অডিট করা হয়। রাজ্যপাল কীভাবে তদন্তের আগে দুর্নীতির অভিযোগ তুলছেন, তা নিয়েও প্রশ্ন করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। তাদের আরও দাবি পাহাড়ে শিক্ষা-স্বাস্থ্য-রাস্তাঘাটের উন্নতি হয়েছে।

কাজ করছে মনোনীত বোর্ড
সমতলের পুরবোর্ডগুলির মতো দার্জিলিং-এও পুরসভাগুলির নির্বাচিত বোর্ড নেই অনেকদিন। পাশাপাশি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নতুন করে কোনও বোর্ড গঠন হয়নি। সব জায়গাতেই রাজ্য সরকারের মনোনীত বোর্ড কাজ করছে।

সোমবারই কলকাতায় ফিরছেন রাজ্যপাল
রাজ্যপাল এদিন নিজেই টুইট করে জানিয়েছেন, দুপুরেই কলকাতায় ফিরছেন তিনি। ১১.৩০ টা নাগাদ বাগডোগরা বিমান বন্দরে পৌঁছে দুপুর ১.৩০-এর মধ্যে তিনি কলকাতায় পৌঁছে যাবেন বলেও জানিয়েছেন। দীর্ঘ একসপ্তাহের দার্জিলিং সফরে রাজ্যপাল একাধিক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। স্থানীয় মানুষ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেছেন। বিজেপি সাংসদ জন বার্লার আলাদা উত্তরবঙ্গের দাবির মধ্যেই রাজ্যপালের এই দার্জিলিং সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications