মোদীর সামনে দিল্লির রাজপথ দাপাবেন বাংলার পাপিয়া, উচ্ছ্বসিত টোটো চালক বাবা! জার্নিটা কেমন ছিল?
26th Republic Day Parade: অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে শুধু আর্থিক অভাবই নয়, পারিপার্শ্বিক সবকিছুকেই হার মানানো যায় সেটাই আবার প্রমাণ করলেন কোচবিহারের পাপিয়া বর্মন। আগামী ২৬ জানুয়ারি দিল্লির (Delhi) রাজপথে লালকেল্লার (Red Fort) সামনে কুচকাওয়াজে অংশ নেবেন কোচবিহার জেলার তুফানগঞ্জ-১ ব্লকের বিলসি গ্রামের টোটোচালক বিজয় বর্মনের মেয়ে পাপিয়া বর্মণ।
গোটা উত্তরবঙ্গ থেকে একমাত্র তাঁকেই দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু'র সামনে প্যারেডে (26th Republic Day Parade) পা মেলাতে। স্বভাবতই তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার সহ কলেজ কর্তৃপক্ষ। একেবারে দরিদ্র পরিবারে জন্ম পাপিয়ার।

বাড়িতে বাবা-মা সহ রয়েছে আরেক বোনও। স্কুলের পড়াশোনা শেষ করে বর্তমানে তুফানগঞ্জ কলেজের ইতিহাস বিভাগে পঞ্চম সিমেস্টারে পড়াশোনা করছেন। কলেজের পড়াশোনার পাশাপাশি চলে ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএসের নানা প্রশিক্ষণ।
তবে ছোট থেকেই পাপিয়ার প্রবল ইচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার। আর সেই ইচ্ছার জোরে তখন থেকে শুরু হয় অসম লড়াই। কলেজে প্রথম বর্ষে পড়ার সময় থেকেই যোগ দেন এনএসএসে। প্যারেড, ক্যাম্প এসবের মধ্যেই দিন কাটে একেবারে প্রত্যন্ত গ্রামের এই মেয়েটির। বর্তমানে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পাপিয়ার কথায়, 'ছোট থেকেই আমার লক্ষ্য, সেনাবাহিনীতে যোগ দেওয়ার। স্বপ্নপূরণের আগেই এতবড় একটা সুযোগ পেয়ে দারুণ ভালো লাগছে। গোটা দেশবাসীর সামনে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দিল্লির রাজপথে হাঁটব, এটা ভাবতেই শিহরিত হচ্ছি।' এজন্য বিশেষভাবে সহযোগিতা করেছেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডঃ প্রবীরকুমার হালদার ও প্রশিক্ষক সৌরভ সাহা।'
এ বিষয়ে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবাশীষ চট্টোপাধ্যায় বলেন, দিল্লির কুচকাওয়াজে (26th Republic Day Parade) আমাদের তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ৫ সেমিস্টারের ছাত্রী পাপিয়া বর্মন অংশগ্রহণ করবে। ওর জন্যে আমাদের তুফানগঞ্জ মহাবিদ্যালয় গর্বিত ও আপ্লুত।
প্রাক প্রজাতন্ত্র দিবসের প্যারেড শিবিরে অংশ নেওয়ার পর রাজ্য থেকে মোট আটজন পড়ুয়ার দিল্লি যাওয়ার ছাড়পত্র মিলেছে। এঁদের মধ্যে কোচবিহারের পাপিয়া অন্যতম। আছে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার মেয়ে রিয়া বর্ধনও। আগামী ৩১ ডিসেম্বর তাঁরা রাজধানীর পথে রওনা দেবেন বলে খবর। আগামী কয়েকদিন দিল্লির 'কর্তব্যপথে' চলবে কড়া প্রশিক্ষণ। আর তা নিতেই নিজেকে কড়া ভাবে পাপিয়া-রিয়া নিজেদেরকে তৈরি করছেন।












Click it and Unblock the Notifications