দার্জিলিং, জলপাইগুড়ি দুই কেন্দ্রের প্রার্থীর জন্যই প্রচার করছেন গৌতম দেব
আর ১০ দিনও বাকি নেই৷ জোরদার প্রচার চলছে পাহাড়ে। দিন রাত এক করেই প্রচার করে চলেছেন তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়ির মেয়রের উপর এখন অনেক দায়িত্ব। উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের গতি বাড়িয়ে দিয়েছেন।
এখন সেই প্রচারে আরও গতি বাড়াতে ময়দানে গৌতম দেব। সোমবার সকাল থেকে তিনি প্রচারে নেমে পড়েছেন। শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকায় তিনি প্রচার করে বেড়াচ্ছেন। একজন নয়, দুই তৃণমূল প্রার্থীর হয়েই তিনি প্রচার করছেন।

দার্জিলিং কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। অন্য দিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। দুই প্রার্থীর হয়েই প্রচার করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
শহর শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ড দার্জিলিং জেলার মধ্যে আছে। আবার বেশ কয়েকটি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার অন্তর্গত। তাই দুই প্রার্থীর হয়ে ভোটের প্রচার চালাচ্ছেন গৌতম দেব। দলের মনোনীত প্রার্থীদের জেতানোই লক্ষ্য।
গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল খারাপ ফল করেছিল। সব কটি লোকসভা আসনই হাতছাড়া হয় তৃণমূলের। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত আসন গেরুয়া শিবিরের হয়ে যায়। দার্জিলিং লোকসভা আসন তিন বার বিজেপি জিতে আসছে। এবার সেই কেন্দ্র জেতার জন্য ঝাঁপিয়েছে তৃণমূল।
সেজন্য আরও বেশি করে গোপাল লামার জন্য প্রচার চলছে৷ রাজু বিস্তাকে হারানোর জন্য মরিয়া তৃণমূল নেতৃত্ব। জলপাইগুড়িও এবার জিততে চায় তৃণমূল। সেখানেও সম উদ্যোমে প্রচার চলছে তৃণমূলের।
গৌতম দেব এদিন জানান, ভোট প্রচারে শিলিগুড়ি আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাওয়াখালি মাঠে জনসভা করবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি শিলিগুড়িতে ভোটের প্রচারে আসছেন অভিনেতা তথা তৃণমূল নেতা দেব।












Click it and Unblock the Notifications