মালদহে খাড়গের নিশানায় মোদী! তৃণমূলকে নিয়ে মন্তব্যে কতটা মনের জোর বাড়ল কংগ্রেস কর্মীদের?
তৃতীয় দফার প্রচারের একেবারে শেষ লগ্নে পশ্চিমবঙ্গে সভা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মালদহের সুজাপুরের সভায় তিনি একইসঙ্গে বিজেপি এবং তৃণমূলকে নিশানা করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নাম তিনি মুখে আনেননি।
মালদহের সুজাপুরের হাতিমারির মাঠে হওয়া দলের প্রচার সভায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, নরেন্দ্র মোদী যেমন সারা দেশে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছেন, ঠিক তেমনই বাংলায় কংগ্রেসকে ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

প্রচারে তৃণমূলের উদ্দেশে কী বললেন খাড়গে
কংগ্রেস সভাপতি তৃণমূল সমর্থকদের উদ্দেশে বলেন, তারা নিজেদের ভোট নষ্ট না করে যেন কংগ্রেসকে দেন। কারণ তৃণমূল কখনও দেশের ক্ষমতায় আসতে পারবে না। জাতীয় পর্যায়ে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে পারে শুধু কংগ্রেস, বলেন তিনি।
ঝাঁঝ ছিল না তৃণমূলের বিরুদ্ধে
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ রাজ্য কংগ্রেসের নেতারা যেভাবে ভোটের ময়দানে তৃণমূলের সমালোচনা করেন, সেরকম ঝাঁঝ ছিল না মল্লিকার্জুন খাড়গের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় মালদা ও উত্তর দিনাজপুরে কংগ্রেসকে ভোট কাটুয়া বলে আক্রমণ করলেও খাড়গে তেমন কোনও কড়া কথা বলেননি।
কী বলেছিলেন মমতা
গত কয়েকদিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে করা একাধিক সভায় রাজ্যে জোট না হওয়ার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। কালিয়াচকের সভায় তিনি বলেছিলেন, বাংলায় তৃণমূল কোনও জোটে নেই। তারা বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করছে।
বিজেপিকে আক্রমণ
মল্লিকার্জুন খাড়গে সুজাপুরে উত্তর মালদহে দলের প্রার্থী মোস্তাক আলম এবং দক্ষিণ মালদহের ইশা খান চৌধুরীর সমর্থনে করা সভায় মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে আক্রমণ করেন। প্রধানমন্ত্রীকে তিনি মিত্থার সর্দার বলে আক্রমণ করেন। তিনি বলেন, কালো টাকা ফেরত আনা, বছরে দুই কোটি বেকারের চাকরি, কৃষকদের রোজগার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা করতে পারেননি। মোদী গরিবকে আরও গরিব করতে চান বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি।
খাড়গে বলেছেন, মোদী ফের ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র শেষ হয়ে যাবে। কংগ্রেস সভাপতি মঙ্গল সূত্র কেড়ে নেওয়া এবং সম্পত্তি কেড়ে নেওয়া নিয়ে মোদীর অভিযোগেরও জবাব দেন। তিনি বলেন, কংগ্রেস দেশে ৫০-৬০ বছর ক্ষমতায় ছিল। তারা কি কারও মঙ্গল সূত্র ছিনিয়ে নিয়েছে?
খাড়গে আরও বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক কংগ্রেস কর্মী মৃত্যুবরণ করেছেন। সেখানে কতজন আরএসএস, জনসংঘ বা বিজেপি কর্মী মৃত্যু বরণ করেছেন, কার্যত সেই প্রশ্নও করেন তিনি।
মঙ্গলবার সাত মে উত্তর ও দক্ষিণ মালদহে নির্বাচন। ওই দিন ভোট রয়েছে জঙ্গিপুর ও মুর্শিদাবাদেও। রবিবার সন্ধে ছটায় সেখানে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। তার আগে ২০২৪-এর নির্বাচনে বাংলায় প্রচার করতে কংগ্রেসের বড় মুখ হিসেবে প্রথমে রাজ্যে এলেন মল্লিকার্জুন খাড়গে।












Click it and Unblock the Notifications