Pakistan More In West Bengal: পাকিস্তান মোড় ও বস্তি বাংলাতেই! বিজেপি বিধায়কের এলাকায় নাম বদলের দাবি জোরালো
Pakistan More In West Bengal: কলকাতার একটি এলাকাকে মিনি পাকিস্তান বলেছেন। এই অভিযোগে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। এবার বিজেপি বিধায়কের এলাকাতেই খোঁজ মিলল পাকিস্তান মোড় ও বস্তির।
বিহারের পূর্ণিয়ার শ্রীনগর ব্লকে পাকিস্তান নামে একটি গ্রাম রয়েছে। যদিও সেখানে মুসলিম পরিবার একটিও নেই। কিন্তু বাংলায় যেখানে পাকিস্তান মোড় ও বস্তি রয়েছে, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যাই বেশি।

বিহারের সঙ্গে বাংলার যোগাযোগকারী ৩১ নং জাতীয় সড়কের ধারেই রয়েছে পাকিস্তান মোড় ও বস্তি। এই নামকরণ বছর পাঁচ-সাতেক ধরে হয়েছে বলে জানা যাচ্ছে। বিহারের পূর্ণিয়ার শ্রীনগর ব্লকের মুসলিমরা দেশভাগের পর পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিলেন। তাঁদের কথা মনে রেখে পড়শিরা গ্রামের নাম রাখেন পাকিস্তান।
পাকিস্তান নামকরণের ফলাফল পড়ে বিয়ের ক্ষেত্রে। ওই এলাকার পাত্র বা পাত্রীর বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়েন মানুষ। ফলে গ্রামের নাম বদলে বীরসা নগর করার প্রস্তাব দিলেও তা কার্যকর হয়নি। আর বাংলার বুকে পাকিস্তান মোড় ও পাকিস্তান বস্তি হয়ে উঠেছে মাদক চোরাচালানের ঘাঁটি।

শিলিগুড়ির কাছে পাকিস্তান মোড় ও বস্তি এবং বিশ্বাস কলোনি থেকে প্রচুর মাদক উদ্ধার হয়েছে। গ্রেফতারও হয়েছে পাচারকারীরা। কিন্তু অপরাধমূলক কাজকর্ম দমাতে পারেনি পুলিশ-প্রশাসন। শিলিগুড়ি জংশন স্টেশন পেরিয়ে ওল্ড মাটিগাড়া রোড ধরে কিছুটা গেলেই পৌঁছে যাওয়া যায় পাকিস্তান মোড়ে।
'পাকিস্তান' শব্দটি রয়েছে বলে ফলাও করে কোথাও জায়গাটির নাম পাকিস্তান মোড় বলে উল্লেখ নেই। কিন্তু শিলিগুড়িতে অটো, টোটো চালকদের কাছে পাকিস্তান মোড় বললেই তাঁরা নিয়ে যাবেন সেই জায়গায়। প্রকাশ্যে রাস্তার ধারে গো-মাংস বিক্রি হয়। ক্যামেরার সামনে কেউ জায়গাটিকে পাকিস্তান মোড় বলে উল্লেখ না করে মাটিগাড়াই বলছেন।

তবে ওয়ানইন্ডিয়া বাংলার লুকানো ক্যামেরায় এক ভ্যানচালক একটি রেলগেটকে দেখিয়ে জানিয়েছেন, এই জায়গাটির নাম পাকিস্তান মোড়। জায়গাটি মাটিগাড়া থানার কাছেই। একদিকে চলে গিয়েছে খাপরাইল মোড়। অপরদিকে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে চলে যাওয়া যাবে সিটি সেন্টারের দিকে।
শিলিগুড়িতে মহাত্মা গান্ধী মোড়, রামকৃষ্ণ মোড় রয়েছে। ভেনাস মোড়কে হাসমি চক, জলপাই মোড়কে বিবাদী চক নাম দেওয়া হয়েছে। পানিট্যাঙ্কি মোড়ের নাম হয়েছে রামকৃষ্ণ মোড়। সেখানে কোনও জায়গার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে থাকা নিয়ে অসন্তোষ জন্মাচ্ছে সাধারণ মানুষজনের মধ্যে।

অপরাধী, পাচারকারীদের স্বর্গরাজ্য নিয়ে বলতে গিয়ে নাম প্রকাশ করতে চাইছেন না অনেকেই। তাঁরাই জানালেন, বাংলাদেশ থেকে এসে পূর্ত দফতরের জায়গা দখল করে দিব্যি আছে সংখ্যালঘু পরিবার। রীতিমতো দাপটের সঙ্গেই। অনেক পরিবারের কাছেই জমির বৈধ কাগজপত্র নেই। রাস্তা চওড়া করার জন্য উচ্ছেদের নোটিশ পেলেও কোনও চিন্তা নেই তাঁদের।
সাধারণ মানুষজন জানাচ্ছেন, কয়েক বছর ধরে পাকিস্তান মোড় বা পাকিস্তান বস্তি নাম ঘুরছে মুখে মুখে। ব্যানার বা হোর্ডিংয়ে সেই নাম নেই। কে বলতে পারে কদিন বাদে সেটাও থাকবে। তাই পরিস্থিতি খারাপ হওয়ার আগে কোনও মণীষীর নামে এলাকা ও মোড়ের নামকরণ চাইছেন স্থানীয় বাসিন্দারা। সংখ্যালঘু সম্প্রদায়ের মণীষীর নামও থাকতেই পারে। কিন্তু পাকিস্তান মানা যায় না।
স্থানীয় বাসিন্দা বললেন, পাকিস্তান মোড় ও বস্তির আসল মেজাজ দেখতে গেলে আসতে হবে ভারত-পাকিস্তান ম্যাচের দিন। পাকিস্তান জিতলে বড় সেলিব্রেশন হয়। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন দুজনেই বিজেপির। তাঁরা কি শিলিগুড়ি শহরের অদূরেই মোড় ও বস্তির নাম থেকে পাকিস্তান নাম ঘোচানোর উদ্যোগ নেবেন?












Click it and Unblock the Notifications