কেন্দ্রস্থল মেঘালয়, ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ সহ নেপাল, বাংলাদেশ
ফের ভূমিকম্প। কেঁপে উঠল উত্তরবঙ্গের জেলাগুলির মাটি। উত্তর ভারত সহ একাধিক দেশে এই ভূমিকম্প অনুভব হয়েছে বলে খবর। সোমবার সন্ধ্যায় এই ভূমিকম্পর পরেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খবর প্রকাশ হওয়া পর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যায় এশিয়া মহাদেশের একাধিক দেশ কেঁপে উঠল। মাটির তলার প্লেটের সঞ্চালন ঘটেছে। সেই কারণে ভূমিকম্প অনুভূত হয়েছে। এই রাজ্যের উত্তরবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভব হয়েছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভব হয়। জানা গিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল মেঘালয়।

সোমবার গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে দেশে ছুটির মেজাজ। তার উপর দিন কয়েক বাদেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। সে কারণে দোকান বাজারে সাধারণ ক্রেতা- বিক্রেতাদের ভিড়ও আছে। সন্ধ্যায় মাটি কেঁপে ওঠে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার। জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদার একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মেঘালয়। উত্তর - পূর্বের এই রাজ্যের রেসুবেলপাড়া নামক এলাকা ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে প্রাথমিকভাবে ভাবে আন্দাজ করা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩। সেই রাজ্যে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি? সেই বিষয়ে এখনও পরিষ্কার চিত্র আসেনি।
উত্তর ভারতের আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। পড়শি দেশ চিন, বাংলাদেশ, নেপাল, ভুটানের একাধিক এলাকার মাটিও কেঁপে উঠেছে বলে খবর। কয়েক সেকেন্ডের জন্য বিস্তীর্ণ এলাকার মাটি কেঁপে উঠেছে। হিমালয়ান রেঞ্জ নবীন ভঙ্গিল পর্বত৷ এখনও হিমালয়ের গঠন চলছে বলে ভূবিজ্ঞানী ও ভুতত্ত্ববিদরা জানিয়েছেন।
ফলে উত্তরের এই অংশ বরাবরই ভূমিকম্পপ্রবণ। মাটির বহু নীচে প্লেটের চলাচল হয়ে চলেছে। এর আগে নেপালের বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতি এখন জনমানসে টাটকা। এই রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভূমিকম্পের অনুভব ভালোমতো হয়েছিল। ফলে সোমবার সন্ধ্যার এই ভূমিকম্প মানুষের মনে ভয় ধরিয়েছে। আফটার শকের আশঙ্কাও করা হচ্ছে।












Click it and Unblock the Notifications