কিছু না পেয়ে 'টিফিন চুরি' মাকনার! বামনডাঙ্গা চা বাগানে হুলস্থূল কাণ্ড
ডুয়ার্সের চা বলয়ে বন্যপ্রাণীদের আনাগোনা লেগেই থাকে। এবার চা শ্রমিকদের খাবার খেয়ে নিল হাতি। ঘটনাটি ঘটেছে শনিবার ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের ডুমুরঝোড়া সেকশনে। হাতির এমন 'টিফিন চুরি' দেখে হতভম্ব শ্রমিকরা।
অনেকে বলছেন, এখানেই জন্ম এখানেই কম্ম। বলতে পারেন হাতির সঙ্গেই চা শ্রমিকদের মাস। শ্রমিক আবাস, দোকানপাট ভাঙচুর করে মজুত থাকা খাবার সাবার করে যাওয়া বামনডাঙ্গায় নিত্য দিনের ঘটনা। তা বলে কাজের স্থানে হানা দিয়ে এমন চুরি! এরকম এর আগে কোনও সময় দেখা যায়নি।

সুমিত্রা ওরাঁও নামে এক শ্রমিক জানিয়েছেন, ভোরে উঠে দুটো চাল ফুটিয়ে টিফিনে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিল আলু ভাজা। দুপুরে কাজের ফাঁকে একটু খেয়ে নেন। কিন্তু এদিন আর তা হয়নি। সবই হাতির পেটে গিয়েছে।
আর এক শ্রমিকের কথায়, টিফিনে ছিল রুটি আর ঢেকি শাক। হাতি যে এসবও খায় আগে তা তিনি জানতেন না। এদিন মাকনাটি পাশের ডায়না জঙ্গল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা পেরিয়ে বাগানে যেখানে কাজ হচ্ছিল সেখানে হানা দেয়।

দুলকি চালে এগিয়ে আসা হাতি দেখে সঙ্গে সঙ্গে কর্মরত শ্রমিকদের মধ্যে হুলস্থূল বেঁধে যায়। প্রায় দু ঘন্টা সেখানে কাজ বন্ধ থাকে। পরে শ্রমিকরাই প্রতিরোধ তৈরি করলে হাতিটি অন্য পাশের গরুমারার জঙ্গলের দিকে চলে যায়।
তবে তারই মধ্যে ঘটে গিয়েছে অভিনব টিফিন চুরি কান্ড। বন দপ্তর সূত্রে জানা গেছে, হাতিটির গতিবিধির প্রতি সতর্ক নজর রেখে চলা হচ্ছে।












Click it and Unblock the Notifications