রাজ্যে নব্য তালিবানি শাসন, তৃণমূলকে নিয়ে ভবিষ্যদ্বাণী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
রাজ্যে নব্য তালিবানি শাসন, তৃণমূলকে নিয়ে ভবিষ্যদ্বাণী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের
ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের একবার সরব হলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। এদিন জলপাইগুড়ি রওনা হওয়ার আগে তিনি শিলিগুড়িতে বলেন, রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় নামলেই গ্রেফতার করা হচ্ছে। আদালতের দেওয়া রায় থেকে তৃণমূলের (trinamool congress) শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি।

রাজ্যে নব্য তালিবানি শাসন
রাজ্যে তালিবানি শাসন চলছে বলে দিন দুয়েক আগে নিজের কেন্দ্র মেদিনীপুরে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। আর এদিন দিলীপ ঘোষ রয়েছেন উত্তরবঙ্গে। সেখানে তিনি বলেন, রাজ্যে নব্য তালিবানি শাসন চলছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত এক সভাধিপতির হাতে থাকা অস্ত্র প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ছবি দেখলে মনে হবে ওটা কাবুলের। তিনি বলেন, এর আগে বিজেপির জেলা সভাপতিকে পুরুলিয়ার ওই সভাধিপতি মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এব্যাপারে তৃণমূলেরই ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

রাজ্যে সাংগঠনিক পরিবর্তন
এদিন দিলীপ ঘোষ বলেছেন, সারা রাজ্যেই সাংগঠনিক পরিবর্তন হবে। অন্য দল থেকে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। দলকে শক্তিশালী করতে তাঁদেরও দলের কমিটিতে আনা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি ইঙ্গিত দেন রাজ্য পর্যায়ের সাংগঠনিক রদবদলই নয়, জেলা পর্যায়েও সাংগঠনিক রদবদল করা হবে।

তৃণমূলকে নিয়ে ভবিষ্যদ্বাণী
দিলীপ ঘোষ এদিন রাজ্যে সন্ত্রাস নিয়ে তৃণমূলকে নিশানা করেন। তিনি বলেন, সারা রাজ্যেই সন্ত্রাসের আবহ তৈরি করে রেখেছে শাসকদল। প্রশাসনও তৃণমূলকে ছাড় দিয়ে বিরোধীদের রাস্তায় নামতে বাধা দিচ্ছে। সাংসদদেও বাধা দেওয়া হচ্ছে। তিনি বলে হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ যে রায় দিয়েছে, তা থেকে তৃণমূলের শিক্ষা নেওয়া উচিত। না হলে আগামী দিনে শাসকদলের অবস্থা হবে, কংগ্রেস ও বামেদের মতো।

পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গে
পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা অনিত থাপা নতুন দল তৈরি করতে চলেছে। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, পাহাড়ের মানুষ বিজেপির সঙ্গেই রয়েছেন। ওরা নতুন দল গঠন করলে বিজেপির কোনও ক্ষতি করতে পারবে না। কেননা এর আগে মানুষ ওদের জয়ী করেছে। শিলিগুড়ি স্টেশনে দিলীপ ঘোষকে স্বাগত জানান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং স্থানীয় দুই বিধায়ক শিখা চট্টোপাধ্যায় এবং শঙ্কর ঘোষ। দিলীপ ঘোষ এনজেপি স্টেশন থেকে সড়ক পথে রওনা দেন জলপাইগুড়ির উদ্দেশে।












Click it and Unblock the Notifications