জলপাইগুড়িতে দেবের রোড শো, মানুষ ভিড় করল রাস্তায়
দেব প্রচারে এসেছেন। দেবকে দেখতে পথে ঢল নামল মানুষের। শিলিগুড়িতে মঙ্গলবার দুপুরে জনপ্লাবন। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে রোড শো করলেন তিনি৷
তিনি তৃণমূলের তারকা প্রার্থী। তৃণমূলের তারকা ভোট প্রচারের তালিকাতেও তিনি রয়েছেন। ঘাটালে তিনি এবারও প্রার্থী। ঘাটালে তাঁর প্রচারে বহু মানুষের ভিড় হচ্ছে প্রতিদিন। গ্রামের মহিলারা, তরুণ প্রজন্ম থেকে বাচ্চা - বুড়ো সকলেই দেবকে দেখার জন্য অপেক্ষায় থাকছেন।

ঘাটালের মতো একই ছবি দেখা গেল উত্তরবঙ্গেও। গতকাল সোমবার আলিপুর দুয়ারে রোড শো করেছিলেন দেব। আজ মঙ্গলবার কোচবিহারে রোড শো করলেন। তারপর চলে এলেন শিলিগুড়িতে।
হেলিকপ্টারে ফুলবাড়িতে নামেন দেব। সেখান থেকে শিলিগুড়ি পৌঁছান। দেবকে দেখার জন্য অনেক আগে থেকেই মানুষজনের ভিড় দেখা গিয়েছিল। ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা এলাকায় প্রচার করলেন টলিউড হিরো দেব।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি প্রচারে নামলেন। হেলিকপ্টারে তিনি দুপুরের পর নামেন। এলাকার মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল৷ মাঠের আশেপাশেই প্রচুর মানুষ ভিড় করেছিল।
এরপর শুরু হল রোড শো। শিলিগুড়ির ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত এলাকার বিস্তীর্ণ রাস্তায় রোড শো হয়৷ হুড খোলা গাড়িতে উপস্থিত ছিলেন দেব। ছিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী। এছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেবও উপস্থিত ছিলেন।
বহু মানুষ, তৃণমূল কর্মী - সমর্থক রাস্তায় ভিড় করেছিলেন। দেবের সঙ্গে দূর থেকে সেলফি নেওয়ার চেষ্টায় হয়। প্রচারের প্রধান আকর্ষণ যে দেব। তা বলার অপেক্ষা রাখে না৷












Click it and Unblock the Notifications