Cyclone Dana: দানার প্রভাব শুরু, উত্তরবঙ্গেও প্রভাব পড়বে নাকি? কেন এত আতঙ্ক? রইল কারণ
Cyclone Dana in West Bengal: দীপাবলির আগে বাংলায় ফের প্রাকৃতিক দূর্যোগ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে দানার প্রভাবে শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে সাইক্লোন দানা যত উপকূলের দিকে এগিয়ে আসবে ততই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সাইক্লোন দানার (Cyclone Dana in West Bengal) কারণে উত্তরবঙ্গের মানুষেরও কার্যত ঘুম উড়েছে। যদিও আবহাওয়াবিদ গোপীনাথ রাহা টেলিফোনে ওয়ান ইন্ডিয়া বাংলাকে জানিয়েছেন, দানার প্রভাব পড়বে না জলপাইগুড়ি সহ দার্জিলিং জেলায়।

তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কবার্তা নেই। এদিকে শিলিগুড়ি সহ জলপাইগুড়ি জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মধ্যেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
এমনকি সন্ধ্যার পরেও ছবিটা একই রকম ছিল। ফলে দক্ষিণবঙ্গকে তছনছ করে চলা ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাব কী উত্তরবঙ্গেও পড়তে শুরু করেছে। এই প্রশ্নই উঁকি দিচ্ছে সাধারণ মানুষদের মনে। শিলিগুড়ি সংলগ্ন বিশেষ করে জলপাইগুড়ি এবং ডুয়ার্স অঞ্চলে সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি আর ঝড়ো হাওয়া বয়েছে। এদিকে পর্যটকে ভরা ডুয়ার্সে পর্যটকরা বেড়াতে এসে এমন মনোরম পরিবেশ পেয়ে বেশ খুশি।
মৃদুমন্দ হাওয়ার সঙ্গে বৃষ্টির ঝাপটা এমন আবহাওয়াকে উপভোগ করছেন পর্যটকরা। অন্যদিকে তিস্তা পারে ফলানো ফসলের যাতে বড়সড় ক্ষতি না হয় সেকারণে সেই ফসল ঘরে তুলতে মরিয়া কৃষকরা। এদিন জলপাইগুড়ি জেলার খড়িয়া গ্রামপঞ্চায়েতের উত্তর সুকান্তনগর কলোণী এলাকার তিস্তার চরে দেখা গেল কৃষকদের এবারের ফলানো আমন ধান কাটার হিড়িক।
ওই এলাকার কৃষক বিষ্ণুপদ সরকার, রূপচাঁদ মজুমদার, পলাশ বিশ্বাসরা জানান, এর আগে পাকা আমন ধান জমিতে বেশির ভাগ লোক কেটে রেখেছিল। তিস্তায় জল বেড়ে যাওয়ায় তা জলের স্রোতে ভেসে যায়। এর মধ্যেও কিছুদিন আগে পাহাড়ে ভারি বৃষ্টির কারণে তিস্তায় জল বেড়ে গিয়ে জমিতে লাগানো অনেক শাক সবজি ডুবে নষ্ট হয়ে যায়। কিছু আমন ধানের জমিতে এখনও জল দাঁড়িয়ে আছে। আবার শোনা যাচ্ছে ঘুর্ণিঝড় দানার খবর। আবহাওয়ার খামখেয়ালিপনায় তাদের ভরসা নেই। তাই ধান যতটুকু পূর্ণতা পেয়েছে সেইটুকুই কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন সদলবলে।












Click it and Unblock the Notifications