Loksabha Vote 2024: বোমাবাজি-মারধর-অপহরণ, কোচবিহারের ভোট নিয়ে ফোন জাতীয় নির্বাচন কমিশনারের
শত নিরাপত্তার কড়াকড়ির পরেও কোচবিহারে ভোট অসান্তি রোখা গেল না। গতকাল রাত থেকেই কোচবিহারের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছিল অশান্তি। সকালে ভোটের শুরু থেকেই একের পর এক অশান্তির খবর প্রকাশ্যে আসতে শুরু করে।
মারধর থেকে শুরু করে বুথ অফিস ভাঙচুর একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছিল কোচবিহারে। এমনকী ভেটাগুড়িতে একাধিক জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারের একাধিক জায়গায়।

গতকাল রাত থেকেই তপ্ত ভেটাগুড়ি। এই এলাকারই বাসিন্দা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এবং তাঁর প্রবল প্রতিপক্ষ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। গতকাল রাত থেকেই দফায় দফায় সংঘর্ষে তপ্ত হয়ে উঠেছে ভেটাগুড়ি। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অনন্ত রায় বর্মনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ। ভেটাগুড়িতে গুণ্ডামি করে দখল করার চেষ্টা করা হচ্ছে। পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়েছে। এর দায় বিজেপির বলে নিশানা করেছেন উদয়ন গুহ। সেই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন উদয়ন। বদলা নিতে গেলে রক্ত ঝরবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে সকাল থেকেই ভেটাগুড়িতে একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে। বিজেপি নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার হয়েছে। এমনকী একাধিক রাস্তায় বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। শুধু ভেটাগুড়ি নয় কোচবিহারের একাধিক জায়গায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। মাথাভাঙায় বিজেপি কর্মীকে ভোট দিতে গেলে হাত-পা কেটে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। তাঁর হাতে এবং মাথায় হাঁসুয়ার কোপ মারা হয়েছে। কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় ভোট লুঠ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। শীতলকুচিতে বিজেপি কর্মীর মাথা ফাটানোর ঘটনা প্রকাশ্যে এসেছে।
কোচবিহারের সিতাইয়ে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। বিজেপির বুথ সভাপতিকে মেরে মাথা ফািটয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এতো কেন্দ্রীয় বাহিনীর মাঝেও কীভাবে একের পর এক অশান্তির ঘটনা ঘটছে কোচবিহারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব কে ফোন করে উদ্বিগ্নতার কথা প্রকাশ করেছেন। বুথের বাইরে কেন এরকম অশান্তি হচ্ছে। অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।












Click it and Unblock the Notifications