কালিয়াচকের মাঠে মিলল কিশোরীর দেহ! টুইটে তোপ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের
কালিয়াগঞ্জের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি! নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবার থেকে এলাকার মানুষের। আর এর মধ্যেই ফের এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য।
মালদহের কালিয়াচক থানা এলাকার একটি চাষের জমি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। যা নিয়ে নতুন করে উত্তেজনা এলাকাতে। যদিও ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এলাকার মানুষের দাবি, সম্ভবত শ্বাসরোধ করে গণধর্ষণ করে ওই নাবালিকাকে খুন করা হয়েছে। তবে ওই যে নাবালিকার দেহ উদ্ধার হয়ে সে এলাকার কেউ নয় বলেই দাবি এলাকার মানুষজনের।

বাইরে থেকে কেউ বা কারা গণধর্ষণ করে ওই জমিতে দেহটি ফেলে গিয়েছে বলেও মনে করা হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই নাবালিকা এলাকার কেউ না হলে তাহলে কীভাবে সেই দেহ উদ্ধার হল সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় মানুষজনের দাবি, দেহটি উদ্ধার হয়েছে মঙ্গল সকালে। কালিয়াচক থানার আকুন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুর গ্রাম এলাকার একটি চাষের জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। যান কালিয়াচক থানার পুলিশও। একেবারে গভীরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় ফের একবার রাজ্যপ্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন জাতীয় শিশু কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। টুইটে কালিয়াচলের একটি ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ তাঁর। টুইটে প্রিয়াঙ্ক কানুনগো লিখছেন, আজ আবারও মালদহের কালিয়াচকের একটি বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর পুলিশ লজ্জাজনক ভাবে দেহ নিয়ে যাচ্ছে বলেও টুইটে তোপ। সরকার শিশুদের রক্ষা করতে অক্ষম বলেও দাবি শিশু কমিশনের। আর এই টুইট ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক।
বলে রাখা প্রয়োজন, কালিয়াগঞ্জে আজ মঙ্গলবার সিবিআই তদন্তের দাবিতে এক বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে ওঠে। পুড়িয়ে দেওয়া হয় কালিয়াগঞ্জ থানা। এমনকি গাড়ি-বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications