ফের রাজ্যপালকে কালো পতাকা, বিক্ষোভে রাস্তায় বসলেন মেয়েরা
তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভের সামনে পড়ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবারও তাঁকে কালো পতাকা দেখানো হল। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরনোর পরেই এই ঘটনা ঘটে। রাস্তাতেও কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। রাজ্যপালের বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ বাড়ছে একাংশের। বৃহস্পতিবার প্রথম রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছিল।
আজ শনিবার তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক রয়েছে রাজ্যপালের। দার্জিলিং রাজভবনে এই বৈঠক হবে। কলকাতা থেকে তিন প্রতিনিধি দুপুরের মধ্যেই পৌঁছে গিয়েছেন দার্জিলিং। অন্যদিকে, দুপুরের কিছু পরে দিল্লি থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাগডোগরা নামেন। সেখান থেকে তাঁর দার্জিলিং রাজভবন যাওয়ার কথা। কিন্তু তার আগে রাস্তাতেই এই বিক্ষোভ দেখা গেল।

দিল্লিতে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতার রাজভবনের বাইরে ধরনা কর্মসূচি চলছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কার্যত খোলা চ্যালেঞ্জ করেছেন। তিনি যতদিন কলকাতা এসে না দেখা করবেন ততদিন এই ধরনা চলবে। প্রয়োজনে পুজোর দিনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একা মঞ্চে বসে থাকবেন।
যদিও তার আগে বার্তা আসে রাজ্যপাল দেখা করবেন তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে। কিন্তু কলকাতায় নয়, দার্জিলিং রাজভবনে এই সাক্ষাৎ হবে। শনিবার রাজ্যপাল বাগডোগরা পৌঁছন। বিমানবন্দরের বাইরের এলাকাতে তার আগেই বেশ কিছু মানুষজন জড়ো হয়েছিলেন। নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়। বাগডোগরা বিমানবন্দর থেকে রাজ্যপালের কনভয় বেরোয়। কিন্তু শুরুতেই বিপত্তি ঘটে।
মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান ওঠে। চলে তুমুল চিৎকার চেঁচামেচি। রাজ্যপালকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয়। পুলিশ কার্যত বিক্ষোভকারীদের ঠেলে সরিয়ে রাস্তা ফাঁকা করে। কিন্তু বেশ কিছু জায়গাতেই রাজ্যপালকে একইভাবে কালো পতাকার সামনে পড়তে হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পক্ষ থেকে এই প্রতিবাদ দেখানো হয়েছে এমনই জানা যাচ্ছে। রাস্তায় বসেও চলে বিক্ষোভ।
শিলিগুড়িতে রাজ্যপাল কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। তারপর তিনি দার্জিলিং যান। রাজ্যপালকে ঘিরে তৃণমূলের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তারই বহিঃপ্রকাশ এই দুদিন দেখা গেল। এমনই অনুমান করা হচ্ছে। সাধারণ মানুষ এই বিক্ষোভে সামিল হচ্ছেন। কেবল তৃণমূল কর্মী সমর্থকরা এই ঘটনায় থাকছেন না। এমনই বক্তব্য তৃণমূলের নেতাদের। এই নিয়ে পরপর দুদিন কালো পতাকা ও বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications