রাজ্যে ফের বিজেপি নেতাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, গায়ে জড়ানো তৃণমূলের পতাকা ঘিরে চাঞ্চল্য
ভোটের পর থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব বিজেপি। এমনকি মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টেও উঠে এসেছে হিংসা, খুন, ধর্ষণের মতো মারাত্মক ঘটনার কথা। এক্ষেত্রে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। এই রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক তৈর
ভোটের পর থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব বিজেপি। এমনকি মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টেও উঠে এসেছে হিংসা, খুন, ধর্ষণের মতো মারাত্মক ঘটনার কথা। এক্ষেত্রে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। এই রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

আর এই বিতর্কের মধ্যেই রাজ্যে ফের এক বিজেপি কর্মীকে খুনের ঘটনা। ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর। বিজেপির অভিযোগ, ভোটের পর থেকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ বিজেপির।
যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক এই ঘটনায় তৃণমূল জড়িত কিনা, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
জানা গিয়েছে, মৃত ওই বিজেপি নেতার নাম দেবেশ বর্মন। দীর্ঘদিন ধরে সিপিএম করতেন। সিপিএমের পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছু দূরেই আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় দেবেশ বর্মনের মৃতদেহ।
তবে স্থানীয় মানুষের দাবি, বিজেপি নেতার শরীরে তৃণমূলের পতাকা জড়ানো ছিল। কে বা কারা এই ঘটনা ঘটাল তা এখনও জানা যায়নি। তবে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এলে ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়তে হয় তাঁদের। দেহ ঘিরে বিক্ষোভ দেখায় প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা।
তাদের দাবি, ঘটনায় অভিযুক্তদের ধরা না পর্যন্ত দেহ ছাড়া যাবে না। তবে দীর্ঘক্ষণ বোঝানোর পর ওই বিজেপি কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন দেবেশ বর্মন। চা খাওয়ার নাম করে বেরিয়েছিলেন তিনি। কিন্তু এরপর গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরাতে খোঁজখবর শুরু করেন পরিবারের সদস্যরা। কিন্তু খোঁজ পাননি।
আজ মগলবার বাড়ি থেকে কিছুদূরেই দেবেশ বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনা থেকে কিছুটা দূরে সাইকেলটি পাওয়া গিয়েছে। তাঁর দেহের উপর তৃণমূলের পতাকা রাখা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন বিজেপি নেতারা। তাঁদের দাবি, অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। না হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনে তাঁরা যাবেন বলেও দাবি বিজেপি নেতৃত্বের।












Click it and Unblock the Notifications