TMC Vs BJP: তৃণমূলকে মাত দিল বিজেপি! লোকসভার আগে পঞ্চায়েত গঠনে জোর রাজনৈতিক একতায়
লোকসভা ভোটের আগে তৃণমূলকে ফের মাত দিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে সেভাবে দাগ কাটতে না পারলেও জেট গড়ে পঞ্চায়েত বোর্ড গঠনে বিজেপি টেক্কা দিচ্ছে তৃণমূলকে। তৃণমূলকে ঠেকাতে সিপিএম ও নির্দলকে সঙ্গী করে এবার তারা গঠন করল পঞ্চায়েত বোর্ড।
এই ঘটনা মাদারিহাট ব্লকের রাঙ্গালীবাজনা গ্রামপঞ্চায়েতে। আলিপুরদুয়ারের এই পঞ্চায়েতে নির্দল ও সিপিএমের জয়ী প্রার্থীদের সঙ্গী করে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বিজেপি, সিপিএম ও নির্দল একছাতার তলায় এসে শাসকদল তৃণমূলকে হঠিয়ে বোর্ড গঠন করল। বিজেপির নেতৃত্বে মাদারিহাট ব্লকের পঞ্চায়েতে এদিন বোর্ড গঠনে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

তৃণমূলকে রাজ্য রাজনীতিতে মাত দিতে বিজেপি ও সিপিএম এক ছাতার তলায় এসেছে আবারও। এখানে উল্লেখ্য, রাঙ্গালীবাজনা গ্রামপঞ্চায়েতে ২৩টি আসন। তৃণমূল ১০টি, বিজেপি ১০টি, সিপিএম ২টি এবং নির্দল ১টি আসন পেয়েছিল এখানে। এদিন বোর্ড গঠনে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। বোর্ড গঠন হতেই লেগে যায় চার ঘন্টা।
এদিনের বোর্ড গঠনে প্রধান নির্বাচিত হন নির্দলের বাবলী রুসদা এবং উপপ্রধান হন বিজেপির তনুশ্রী বর্মন। বোর্ড গঠনের পর নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে বিজয় মিছিলে অংশ নেন বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা। বিধায়ক মনোজ টিজ্ঞা বলেন, মানুষ তৃণমূলেরর বিরুদ্ধে ভোট দিয়েছে এই পঞ্চায়েতে।
তাঁর কথায়, গত পাঁচ বছরে ওরা কিছুই করেনি। আমরা নির্দল প্রার্থীকে সমর্থন করেছি। তাকে প্রধান করা হয়েছে। অনেক প্রলোভন ও ভয় দেখিয়েও তৃণমূল পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারেনি এখানে। সাধারম মানুষ চাইছে তৃণমূলকে সরাতে। তাই পঞ্চায়েত বোর্ড হল মিলিজুলি করে।
এদিকে বিজেপিকে সঙ্গে নিয়ে বোর্ড প্রসঙ্গে সিপিএম শাখা সম্পাদক নান্টু সূত্রধর বলেন, আমরা বিজেপি ও তৃণমূল থেকে সমদূরত্ব বজায় রাখি। আমরা নির্দল প্রার্থীর নাম প্রধানের জন্য সমর্থন করেছি। এদিন বিজয় মিছিলে দেখা গেল সিপিএম, বিজেপি ও নির্দলের পতাকা একসঙ্গে উড়তে।












Click it and Unblock the Notifications