মালদহের উন্নয়ন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি ইশা খান চৌধুরীর! কটাক্ষ বিজেপি-তৃণমূলের
আর নয় অনেক হয়েছে। মালদার উন্নয়ন নিয়ে তারা এবার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মন্ত্রীদের কাছে যাবেন। কিন্তু উন্নয়নে বাধা দিলে তা বরদাস্ত করা হবে না। আন্দোলনে নামা হবে। কার্যত এই ভাষাতেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী।
মালদার ইংরেজবাজারের সাতটারি এলাকায় একটি সংবর্ধনা সভায় অংশগ্রহণ করে ইশা খান চৌধুরী বলেন, মালদার উন্নয়নের কাজে বাধা দেয় এই দুই শাসক দল। একটা সই-এর জন্য মালদার অনেক উন্নয়ন আটকে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। এমনটাই অভিযোগ করেছেন তিনি।

ইশা খান চৌধুরীর অভিযোগ
ইশা খান চৌধুরী সাধারণ মানুষের উদ্দেশে বলেন, সবারই মনে আছে উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হিংসায় এইমসকে ৩০০ কিমি দূরে কলকাতার দিকে নিয়ে গিয়েছেন। তিনি দাবি করেন, মালদায় এয়ারপোর্টের জন্য ১০০ কোটি টাকা এনেছিলেন ডালুবাবু। সেই সময় কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং উদ্বোধনের জন্য আসার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের বাধায় তা হয়নি।
তিনি বলেন, বর্তমানে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের হিংসার কারণে মালদার উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি সেটা হতে দেবেন না। তৃণমূল হোক কিংবা বিজেপি যে মন্ত্রীর কাছে যেতে হয় যাবেন। মানুষের জন্য কাজ আনবেন। মালদার উন্নয়নে বাধা দিলে প্রয়োজনে রাস্তায় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিজেপির প্রতিক্রিয়া
পাল্টা ইশা খান চৌধুরীকে আক্রমণ করেছে বিজেপি। উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেছেন, মালদার উন্নয়নের কথা বলছেন উনি। তা মালদা কি পশ্চিমবঙ্গের বাইরে। রাজ্য সরকারই গ্রামীণ কিংবা শহর এলাকার উন্নয়ন করে থাকে। ইশা খান চৌধুরী নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
খগেন মুর্মু বলেন, বিজেপি প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। তিনি ইশা খান চৌধুরীকে নিয়ে একসঙ্গে মালদহের উন্নয়নে নামার আহ্বান জানিয়েছেন।
তৃণমূলের প্রতিক্রিয়া
অন্যদিকে এব্যাপারে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, ইশা খান চৌধুরী নতুন করে সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই কারণে তিনি তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। কোতয়ালি ভবন থেকেই বারবার দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়ে আসছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁরা মালদার কোনও উন্নয়ন করেননি বলে অভিযোগ করেছেন তিনি।
জেলা তৃণমূল সভাপতি বলেছেন, মালদার উন্নয়নের পাশে তৃণমূল রয়েছে। তিনি আরও বলেছেন ইশা খান চৌধুরী এখনও পর্যন্ত গঙ্গা ভাঙনের সমাধান করতে পারেনি, আবার বড় বড় কথা বলছেন।












Click it and Unblock the Notifications