কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুর অভিযোগ, রিপোর্ট তলব রাজ্যপালের, যাচ্ছে বিজেপির প্রতিনিধিদল
কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর ঘটনার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশের কাছে পুরো ঘটনার রিপোর্ট তলব করেছেন তিনি। রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি খতিয়ে দেখেই প্রশাসনের বিষয়ে কোনও সিদ্ধান্ত তিনি জানাবেন বলে জানিয়েছেন।
এদিকে এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে পরিবার। গতকাল রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর ভাইপোর। তারপরেই বিজেপি নেতারা সরব হয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকালেই ভিডিও শেয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্য পুলিশকে।

বৃহস্পতিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কালিয়াগঞ্জ। রাধিকাপুরে পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। কালিয়াগঞ্জে থানায় অগ্নিসংযোগের ঘটনা নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাধিকাপুরে পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ বিজেপি কর্মীকে না পেয়ে তার সদ্য বিবাহিত মেয়ে জামাইকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল তখনই তাতে বাধা দেন বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মণের ভাইপো মৃত্যুঞ্জয় বর্মন। পুলিশ বাধা পেয়ে তখন গুলি চালায় বলে অভিযোগ পরিবারের। বিনা প্ররোচনাতেই পুলিশ গুলি চালায় বলে অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

তারপরেই টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ট্রিগার হ্যাপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাষ্ট্রীয় সন্ত্রাসের চরমতম নিদর্শন কালিয়াগঞ্জের এই ঘটনা। তারপরেই বিজেপি নেতারা কালিয়াগঞ্জে যাওয়ার কথা ঘোষণা করেন। এই ঘটনার পরে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
তারপরেই কালিয়া গঞ্জের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে নাবালিকার মৃত্যুর ঘটনা নিয়েও রিপোর্ট তলব করেছিলেন তিনি। পুলিশের রিপোর্ট হাতে পাওয়ার পরেই এই নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তবে তার আগে পর্যন্ত রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে নারাজ।












Click it and Unblock the Notifications