বাংলাদেশ উত্তাল, গাড়ি আর এগোল না, বন্ধ হল হিলি সীমান্ত
রবিবার থেকে ফের উত্তপ্ত পড়শি বাংলাদেশ। একদিনে একশোর উপর মানুষ মারা গিয়েছে সেই দেশে। আরও একবার নতুন করে ঢাকা সহ সব শহরে কার্ফু জারি করা হয়েছে। বাংলাদেশের এই ঘটনা সীমান্ত পণ্য পরিষেবা, বাণিজ্যের উপর প্রভাব ফেলেছে। নতুন করে বন্ধ করে দেওয়া হল হিলি সীমান্ত।
আবারও বিক্ষোভ, রক্তপাতে উত্তাল বাংলাদেশ। পূর্ব দিনাজপুরের ( বাংলাদেশের দিনাজপুর) পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সূত্রের খবর হিলি সীমান্তেও তার প্রভাব এসে পড়েছে। হিলি স্থল সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। দুই দেশের মধ্যে বাণিজ্য চলে এই পথে। নতুন করে আরও একবার বাণিজ্যের উপর প্রভাব পড়ল।

সীমান্ত ওপাড়ের দিনাজপুরের পরিস্থিতি ভয়াবহ। বেশ কিছু জায়গায় অগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে খবর। ফলে হিলি ইমিগ্রেশন দিয়ে বহি:বাণিজ্যের উপর প্রভাব পড়তে চলেছে। সোমবার সকালে রফতানি হবে। সেই মতো পণ্য বোঝাই লরি সীমান্ত পেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়।
পরিস্থিতি খারাপ হওয়ায় বহি:বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। ফলে লাইন দিয়ে ফের দাঁড়িয়ে আছে পণ্যবাহী গাড়ি। সতর্ক ভারতের সীমান্ত বাহিনীও। হিলি সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা দিচ্ছে সীমান্ত রক্ষীরা। গত ক'দিন ধরে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। পরিস্থিতি সামাল দিতে ফের বাংলাদেশে কার্ফু জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
সীমান্ত কবে খুলে দেওয়া হবে? সেই সম্পর্কে পরিষ্কার কোনও বার্তা পাওয়া যায়নি। গত বিক্ষোভের সময়ও বেশ কয়েকদিন ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ ছিল। ফলে ব্যবসা-বাণিজ্যে যথেষ্ট প্রভাব পড়ে। কয়েকশো কোটি টাকার লোকসান হয় সেই সময়। দ্রুত পচনশীল পণ্যবাহী গাড়ি পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়া শুরু করে।
গতকাল রবিবার থেকে ফের শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন। এবারে মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়? তাই নিয়েও চর্চা চলছে হিলি সীমান্তে।












Click it and Unblock the Notifications