সিজিও কমপ্লেক্সে এএসআই অনুপ দত্তের ছুট, এই বিষয়ে কী বললেন তাঁর স্ত্রী?
সাংবাদিকরা কেবল প্রশ্ন করার জন্য তাঁর দিকে এগিয়েছিলেন। তাই দেখেই ছোটা শুরু। ছুট, প্রবল ছুট। কলকাতা পুলিশের এএসআই। তিনি সিজিও কমপ্লেক্সের মধ্যে ছুটছেন। সাংবাদিকরা তাকে থামার কথা বলেছিলেন।
এএসআই অনুপ দত্ত পড়েও যেতে পারতেন। হোঁচট খেয়েও থামেননি। সাংবাদিকরা তাকে বার বার সতর্ক করার পরেও তিনি গতি কমাননি। বরং এক ছুটে সিবিআই অফিসের লিফটের সামনে চলে গিয়েছেন। শেষ বেলায় এক জওয়ানকেও ধাক্কা মেরেছেন তিনি।

তাঁর সেই দৌড় দেখেছে গোটা বাংলা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল৷ আর বিষয় নিয়েই এখন চর্চা চলছে৷ গতকাল মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে দ্বিতীয় বার সিবিআই জেরার মুখে পড়েছিলেন এএসআই অনুপ দত্ত। এই ঘটনা প্রভাব ফেলেছে তাঁর বাড়িতেও।
অনুপ দত্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বাদামাইলে বাড়ি। বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী সন্ধ্যা দত্ত ও তাঁর মা। এছাড়াও পরিবারের অনান্য সদস্যরা থাকেন। কালই অনুপ দত্তের বাড়িতে হাজির হয়েছিলেন স্থানীয় সাংবাদিকরা। পরিবারের লোকজনও টিভিতে খবরটি দেখে বিষয়টি জানতে পেরেছেন।
অনুপবাবুর স্ত্রী সন্ধ্যা দত্ত কিছু কথা সাংবাদিকদের সামনে বলেছেন। সামান্য ক্ষোভও ধরা পড়েছে তাঁর গলায়। স্বামীকে ডেকে পাঠালেও তারা মোটেও উদ্বিগ্ন নন। আরজি কর কাণ্ডে এখন অন্যতম অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সঞ্জয়ের সঙ্গে সখ্যতা অনুপ দত্তের। সেই হিসেবে তার নামও জড়ানোর সম্ভাবনা রয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এই বিষয়ে স্ত্রী সন্ধ্যা দত্ত জানান, তাঁর স্বামী যে ধরনের মানুষ, তাতে ওই ঘটনার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না। সিবিআই ডেকেছে তাতে পরিবার চিন্তিত নয়। তবে সংবাদ মাধ্যমের কাছে সেভাবে আর মুখ খুলতে চাননি অনুপবাবুর স্ত্রী সন্ধ্যা দেবী।
প্রতিবেশীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁরাও এই বিষয়ে নিজেদের মধ্যে কথা চালাচালি করছেন। তবে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন।












Click it and Unblock the Notifications