'ভোট বয়কটে'র পরে বহিরাগতদের দিয়ে ভোট করিয়েছেন বিডিও! উত্তপ্ত মালদার হবিবপুরে আহত বেশ কয়েকজন পুলিশকর্মী
রাস্তা চাই, ব্রিজ চাই এই স্লোগানকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ। রাস্তা হলে ভোট দেব, এই কথা বলে ভোট বয়কট। হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয় ১২২ নম্বর বুথ, সাড়ে তেরোশো ভোটার এদিন ভোট বয়কট করেন।
সকাল থেকে বিকেল হতেই দেখা যায় ওই কেন্দ্রে বেশ কিছু ভোট পড়েছে। স্থানীয় বাসিন্দারা বিডিও-র বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে ভোট করান বলে অভিযোগ করেন। যা নিয়ে এলাকা উত্তপ্ত হয়ে উঠে। ভোট শেষে কর্মীরা বেরনোর চেষ্টা করতেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ভোটকর্মীদের উদ্ধারে এলে খণ্ডযুদ্ধ হয়। উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পুলিশ ও গ্রামবাসীরা একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।

মালদহ সদরের এসডিপিও-সহ হবিবপুর ব্লকের বিডিও ঘটনাস্থলে যান সন্ধে নাগাদ। ইভিএম-সহ ভোট কর্মীদের নিয়ে যাওয়ার সময় পুলিশ আফিসার -সহ পুলিশ কর্মীর ওপর গ্রামবাসীরা হামলা চালায় বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি চলে। বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথা ফাটে। তালিকায় রয়েছেন মহিলা পুলিশ কর্মীরাও। তাঁদেরকে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত হন ভোটকর্মীরাও। অভিযোগ গ্রামবাসীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে।
যদিও স্থানীয় দের দাবি তাঁরা বিক্ষোভ দেখানোর সময় পুলিশ লাঠি চালায়। তাতে একাধিক মহিলা-সহ বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন। জেলা প্রশাসনের তরফে ( যা এখন নির্বাচন কমিশনের অধীন) ভোট বয়কটের পরে বহিরাগত কারা ভোট দিলেন, তা নিয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications