Dinhata: সন্দেশখালির ছায়া দিনহাটায়, রাতে পিঠে বানানোর প্রস্তাব মহিলাকে
Dinhata: সন্দেশখালির ঘটনায় উত্তাল রাজ্য! প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসনের ভূমিকা। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘটনাস্থল দিনহাটা। পিঠে তৈরির নাম করে এক মহিলাকে গভীর রাতে ডাকার অভিযোগ। যেতে না চাইলে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ, এমনকি বাড়িতে হামলা করা হবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতার। যদিও এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী উদয়ন গুহ বলেন, সন্দেশখালির ঘটনার পরেই নতুন পিঠে-কাহিনী চালু করেছে বিজেপি। রাত ১০ টার পর তৃণমূলের কোনও নেতা বাইরে থাকেন কিনা তা জানা নেই। তবে পিঠে খাওয়ার মতো বয়স নেই বলেই মন্তব্য করেছেন উদয়ন গুহ।

এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। তবে তিনি এই কাজ করতে পারেন তা মানুষ বিশ্বাস করেন না। আর যদি করেন তাহলে আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন বলেই মন্তব্য রাজ্যের মন্ত্রীর। তবে কোচবিহারে আইনশৃঙ্খলার সমস্যা আছে বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর কথায়, বিভিন্ন ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে থাকেন উদয়নগুহ। ঘটনায় ইতিমধ্যে স্থানীয় পুলিশ-প্রশাসনে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা।
আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও (দিনহাটা) ধীমান মিত্র। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির মহিলা মোর্চার কোচবিহার জেলা সভাপতি অর্পিতা নারায়ণ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে এক মহিলাকে মারাত্মক অভিযোগ করতে শোনা যাচ্ছে।
তিনি বলছেন, গভীর রাতে আমাকে পিঠে বানানোর প্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি হয়নি। এত রাতে পিঠে বানানো নিয়ে প্রশ্ন করতেও শোনা যায় ওই মহিলাকে। এরপরেই তাঁর বাড়িতে তৃণমূলের লোকজন চড়াও হয় বলে অভিযোগ ওই মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা ঘিরে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
বলে রাখা প্রয়োজন, সন্দেশখালিতে একই ভাবে পিঠে বানানোর জন্য গভীর রাতে মহিলাদের ডাকা হতো বলে অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের 'বাদশা' শাহজাহান শেখ সহ একাধিক তাঁর অনুগামী শিবু সহ একাধিক নেতার। যদিও পুরো বিষয়টি সাজানো বলে প্রথমে দাবি করা হয় শাসকদলের তরফে। যদিও এখনও পর্যন্ত তৃণমূল ব্লক সভাপতি শিবু সহ অনুগামীদের বিরুদ্ধে দুটি গণধর্ষণ মামলা রুজু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications