চাঁদার জুলুম রুখতে গিয়ে মাথা ফাটল অতিরিক্ত পুলিশ সুপারের
রাস্তা আটকে চাঁদা তোলা হচ্ছিল। পুলিশ পৌঁছালে আরও খারাপ হল পরিস্থিতি। খোদ পুলিশ কর্মীরাই আক্রান্ত হলেন। মাথা ফাটলো খোদ পুলিশ কর্তার। সাধারণ মানুষকে রক্ষা করার কাজ পুলিশ- প্রশাসনের। এদিকে খোদ পুলিশের কর্তা- কর্মীরাই আক্রান্ত। উত্তরবঙ্গের ধূপগুড়ি এলাকার ঘটনা।
জুলুমবাজদের দৌরাত্ম্যের শিকার খোদ জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার। মাথা ফেটেছে তাঁর। ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। জাতীয় সড়কের উপর এভাবে চাঁদা তোলা কী করে হচ্ছিল? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

রাস্তার ওপরে চাঁদার জুলুমবাজি। বাধা দিতে গেলে আক্রমণের শিকার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার আংরাভাসা এলাকায়। জানা গিয়েছে, রাত সাড়ে এগারোটা নাগাদ জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি যাচ্ছিলেন।
সেই সময় এশিয়ান হাইওয়ে ৪৮ এর আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক গাড়ি থামিয়ে জোর করিয়ে চাঁদা তুলছিল। রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়। ঘটনায় আটকে পড়ে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও। কী কারণে ওই রাস্তা বন্ধ? জানতে চান অতিরিক্ত পুলিশ সুপার। জানতে পারেন জোরজুলুম করে চাঁদা তোলা হচ্ছে।
এরপর অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তার তো সরেইনি। বরং তার উপরে পালটা আক্রমণ করে। এই দেখে গাড়ি থেকে নেমে পড়েন অতিরিক্ত পুলিশ সুপার। কিন্তু কোনওভাবেই দমে যায়নি ওই সব জুলুমবাজরা। সেই সময় অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ।
ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ। পাথরের ঘায়ে তাঁর মাথা ফাটে। তাঁর দেহরক্ষীও জখম হন। গাড়ির কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়।
হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "বেশ কিছু যুবক চাঁদা তুলছিল।এরপর দেহরক্ষী গাড়ি থেকে নামলে, তার উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা। তখন গাড়ি থেকে নামতেই তারা আমার মাথায় পাথর ছুড়ে মারে। গাড়িও ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।"
অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাস্তা আটকে কেন চাঁদা নেওয়া হচ্ছিল? প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications