Actor DEV: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ধোঁয়া! বড়সড় বিপদ এড়ালেন অভিনেতা দেব
Actor DEV: বড়সড় বিপদ এড়ালেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ধোঁয়া। এরপরেই জরুরি অবতরণ করা হল হেলিকপ্টার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি কপ্টারে কোথা থেকে ধোঁয়া বের হল তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় দেব সুরক্ষিত রয়েছেন। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেব অনুগামীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও বাংলার মানুষের আশীর্বাদ আছে বলেই সব ঠিক আছে বলে জানিয়েছেন অভিনেতা (Actor DEV)। যা খবর, ঘটনার খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি দেবের (Actor DEV) সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে দেবের কপ্টারে বিভ্রাটের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কুণাল ঘোষও। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি।
বলে রাখা প্রয়োজন, নির্বাচনের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা দেব (Actor DEV)। হেলিকপ্টার করেই ঘুরছেন। সেই মতো আজ শুক্রবার মালদহের রতুয়াতে সভা ছিল অভিনেতার।
সেখানে জনসভার পাশাপাশি রোড শো-ও করেন। আর তা শেষ হওয়ার পরেই মুর্শিদাবাদ পৌঁছনোর কথা ছিল দেবের (Actor DEV)। সেই মতো হেলিকপ্টারে ওঠেন। কিন্তু ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই গোটা কপ্টার ধোঁয়ায় ভরে যায়। দেখা যায় যান্ত্রিক ত্রুটি। দ্রুত কপ্টারটিকে মালদহ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
এই খবর ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মালদহ বিমান বন্দরে ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও দক্ষতার সঙ্গে কপ্টারটিকে অবতরণ করানো হয়। এড়ানো সম্ভব হয় বিপদ। দেব (Actor DEV) জানিয়েছেন, সবাই এখন ভালো আছি, সুস্থ রয়েছি। হেলিকপ্টার উড়ান শুরু করার ১০ মিনিটের মাথাতেই এই ঘটনা ঘটে। বাংলার মানুষের এবং মা-বাবা আশীর্বাদ রয়েছে বলেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
এই ঘটনার পর দেবের সফর সূচিতে কিছুটা পরিবরতন হয়েছে। সড়ক পথেই মুর্শিদাবাদ যাচ্ছেন। ফলে আধ ঘন্টার রাস্তা প্রায় ৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন অভিনেতা। দলের নির্দেশ রাখতেই সেখানে যাচ্ছেন। তবে রাতে মালদহ ফেরার কথা থাকলেও আর আসবেন না বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদেই থাকবেন বলে খবর।












Click it and Unblock the Notifications