অভিষেকের রাজভবন অভিযানের সময় কলকাতায় থাকছেন না! বন্যা পরিদর্শনে দিল্লি থেকে সোজা উত্তরবঙ্গে রাজ্যপাল
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালে তিনি দিল্লি থেকে সোজা বাগডোগরা বিমানবন্দরে এসে নামেন। তারপর সেখান থেকে গাড়ি করে বেরিয়ে যান। অর্থাৎ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা রাজভবন অভিযানের সময় রাজভবনে থাকছেন না সিভি আনন্দ বোস।
জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বিকেলে বাগডোগরা হয়ে দিল্লি ফিরবেন। তিনি ইতিমধ্যেই সিকিমের পরিস্থিতি নিয়ে সেখানকার রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। এদিকে বুধবার উত্তরবঙ্গে গিয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। রাজ্যপাল পালিয়ে গিয়েছেন বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

এদিন সকাল থেকে রাজ্যপাল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। তিনি বন্যা দুর্গতদের সঙ্গে সরাসরি কথাও বলেন। প্রসঙ্গত মঙ্গলবার রাতের মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। ২৩ জন জওয়ান-সহ নিখোঁজের সংখ্যাটা প্রায় একশোর কাছাকাছি।
তার আগে বুধবার রাজ্যপাল মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর সঙ্গে ফোনে কথা বলেন। তাঁর কাছ থেকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বিশদে জানতে চান। রাজ্য সরকারের সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কেও খোঁজখবর করেন তিনি।
বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন প্রায় ১০ হাজার জনকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজ্যের উত্তর ও দক্ষিণ মিলিয়ে নটি জেলায় ১৯০ টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি দফতরের আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিলের কথাও ঘোষণা করেছিলেন।
বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এইচকে দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে বন্যা কবলিত এলাকায় সিনিয়র আধিকারিকদের দল পাঠাতে নির্দেশ দেন। পায়ের আঘাতের কারণে মুখ্যমন্ত্রী বাড়ি থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাঁর সেরে উঠতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন।
বন্যার কারণে লোকেদের অভিযোগ নথিভুক্ত করতে মুখ্যসচিবকে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলক কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছিলেন। দুর্যোগে কোনও প্রাণহানি না হলেও নিবিড় নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
এদিকে এদিন দুপুর তিনটের সময় এক লক্ষ লোক নিয়ে তৃণমূলের রাজভবন অভিযান। মঙ্গলবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ৫০ লক্ষ জব কার্ড হোল্ডারদের চিঠি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications