Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বেই তৃণমূল স্বমহিমায় ফিরতে পারে, মমতার প্রতি অনুযোগ দেখিয়ে দাবি দেবাশিসের
Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় নন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দলকে ঠিক করা সম্ভব। জেলমুক্তির পর সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা দেবাশিস প্রামাণিক।
জমি কেলেঙ্কারির অভিযোগে দেবাশিসকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জামিন মিললেও এলাকায় ঢোকায় নিষেধাজ্ঞা ছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ সব বাধা কাটিয়ে বাড়িতে ফিরলেন দেবাশিস।

ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা তৃণমূল দলের প্রাক্তন দাপুটে নেতা দেবাশিস প্রামাণিক। তাঁকে স্বাগত জানিয়ে আজ মিছিল করেন অনুগামীরা। সেই মিছিলের ফাঁকেই আবেগাপ্লুত দেবাশিসের গলায় শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি অনুযোগের সুর।
দেবাশিস বলেন, আমি ২০২৩ সালে অনেক দুর্নীতিগ্রস্তকে টিকিট দিইনি। সেই চোরেরাই আমার বিরুদ্ধে একজোট হয়ে ষড়যন্ত্র করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নামে ভুল তথ্য দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সিআইডি বা আইবি দিয়ে খতিয়ে দেখা।
জমি কেলেঙ্কারি কাণ্ডে গত ২৬ জুন গ্রেফতার হতেই দেবাশিসের পদ যায়, দল থেকেও বহিষ্কৃত হন। সম্প্রতি জামিনে ছাড়া পেলেও দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় তাঁর প্রবেশের ওপর আদালতের নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা গত শুক্রবার উঠে যায়। আজ সকালে বাড়ি ফিরলেন দেবাশিস।
দেবাশিসের ফেরার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে অনুগামীরা ভিড় করতে থাকেন। ফুলবাড়ি বটতলায় আসার পর ফুলের মালা দিয়ে রাজকীয় সম্মানে তাঁকে স্বাগত জানান অনুগামীরা। ঘরে প্রবেশ করার আগে বাড়ির গেটের সামনে সভাও করেন দেবাশিস।
৪৮ দিন জেলে ছিলেন দেবাশিস। গত ৯ অগাস্ট কলকাতা হাইকোর্ট থেকে তিনি জামিন পান। রবিবার তিনি বাড়ি ফেরেন। দেবাশিস বলেন, চোরেরা একজোট হয়ে হয়ে সাধুদের ফাঁসিয়েছে। আমি তৃণমূলে আছি তৃণমূলকেই ভালোবাসি। তবে মুখ্যমন্ত্রী যতই ভালো কাজ করুক না কেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে দলটাকে ঠিক করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লাগবে।












Click it and Unblock the Notifications