চা-শ্রমিকদের দাবি আদায়ে ‘দিল্লি চলো’, পঞ্চায়েতের আগে চা-বলয়ে ডাক দিলেন অভিষেক
চা-শ্রমিকদের দাবি আদায়ে ‘দিল্লি চলো’, পঞ্চায়েতের আগে চা-বলয়ে ডাক দিলেন অভিষেক
বিজেপি প্রতিশ্রুতি দিয়েও রাখেনি, চা শ্রমিকদের জন্য শেষবিন্দু পর্যন্ত লড়বে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গের চা-বলয়ে শ্রমিকদের সমাবেশে যোগ দিয়ে 'দিল্লি চলো' আওয়াজ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদী সরকার কথা রাখেনি। চা-বাগান শ্রমিকদের আচ্ছে দিন আনতে পারেননি। তাই এবার চা শ্রমিকদের দাবি আদায়ে চা শ্রমিকদের নিয়ে দিল্লি যাবো, আমরা শ্রমিকদের দাবি আদায় করে আনব।

চা ওয়ালা প্রধানমন্ত্রী আপনাদের জন্য কিছু করেননি
চা শ্রমিকদের জন্য ১০০ কোটি বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। আচ্ছে দিন আসেনি আপনাদের। আচ্ছে দিন এসেছে নিশীথ প্রমাণিকদের। আসলে রাজনৈতিক স্বার্থে আচ্ছে দিন আনার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। তিনি নিজেকে বলেন চা ওয়ালা প্রধানমন্ত্রী। কিন্তু সেই চা ওয়ালা প্রধানমন্ত্রী আপনাদের জন্য কিছু করেননি। আপনাদের আচ্ছে দিন আনার জন্য কিছু করেননি।

চা শ্রমিকদের দাবি মেটানোর জন্য আমরা সোচ্চার হব
আগামী দিনে চা শ্রমিকদের দাবি মেটানোর জন্য আমরা সোচ্চার হব। বন্ধ চা বাগান আমরা খুলেছি। আমরা পাশে দাঁড়াব চা শ্রমিকদের। ৩১ জানুয়ারি মধ্যে আই কার্ড দেওয়া হবে। পিএফে বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের। তবে যে সমস্ত চা বাগান মালিকরা পিএফ-গ্র্যাচুইটির টাকা জমা দেবে না, সেই সমস্ত বাগান মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করুন।

সমস্যার সমাধান না হলে ১ জানুয়ারি থেকে বাড়ি ঘেরাও
অভিষেক বলেন, আমরা বিজেপির মতো বড়ো বড়ো ভাষণ দিই না। বিজেপি শুধু ভাষণ দেয়, আর তৃণমূল রেশন দেয়। আমরা বলে যাচ্ছি, লক্ষ্যপূরণ না হলেও মজুরি মিলবে। নভেম্বর ও ডিসেম্বর দুমাস সময় দিচ্ছি পিএফ অফিস ঘেরাও করবেন। দু-মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে ১ জানুয়ারি থেকে বিজেপির যে সাংসদ-বিধায়করা রয়েছেন তাঁদের বাড়ি ঘেরাও করা হবে। সেই আন্দোলনে আমি থাকব আপনাদের সঙ্গে।

৩ লক্ষ শ্রমিকদের নিয়ে দিল্লি চলো, ডাক দিলেন অভিষেক
অভিষেক আরও বলেন, চা শ্রমিকদের দাবি আদায় করতে আমরা প্রয়োজেন দিল্লি যাবে। গতকাল বিজেপি এসে ডাক দিয়ে গিয়েছিল, নবান্ন চলো। আর আজ আমি বলছি, দিল্লি চলো। আপনাদের অধিকার আদায়ের জন্য দিল্লি যাবো। ৩ লক্ষ শ্রমিকদের নিয়ে দিল্লি যাবো আমরা। দিল্লিতে গিয়ে নিজেদের ন্যায্য দাবি আদায় করে আনব। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব।

আপনাদের অধিকার আদায়ের লড়াইয়েও থাকবে তৃণমূল
অভিষেক বলেন, কোনওদিন বিজেপি নেতারা এসে আপনাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের আন্দোলনের কথা জানিয়েছেন। সিপিএমের কোনও নেতা এসেছেন আপনাদের পাশে দাঁড়াতে। আমরা এসেছি, আমরা কথা রেখেছি। আপনাদের অধিকার আদায়ের লড়াইয়েও আমরা আপনাদের পাশে থাকব। আপনাদের সঙ্গে নিয়ে দিল্লি থেকে আপনাদের অধিকার ছিনিয়ে আনব।

চা শ্রমিকদের সমাবেশ থেকে অখণ্ড বাংলার বার্তা অভিষেকের
এদিন চা শ্রমিকদের সমাবেশ থেকে অখণ্ড বাংলার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয়। একটাই বঙ্গ, তা হল পশ্চিমবঙ্গ। বাংলা ভাগকে তারা কোনওদিন সমর্থন করেননি, করবেনও না। আমরা সবাই এক। আমাদের কোনও উত্তর বা দক্ষিণ ভাগ নেই। চা শ্রমিকদের সমাবেশে তিনি স্পষ্ট করে দেন।












Click it and Unblock the Notifications