৮০০ কেজি বেল কাঠ, ১০ কেজি ঘি দিয়ে কৌশিকী অমাবস্যায় যজ্ঞ কোথায় হল?
কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মন্দিরে পুজো হয়৷ লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হন। পাশের শ্মশানে যজ্ঞের আয়োজন হয় অমাবস্যার রাতে। কথিত আছে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন স্বয়ং বামা দেব।
তারপর থেকে কৌশিকী অমাবস্যার রাতে সিদ্ধি লাভের আশায় তান্ত্রিক, জ্যোতিষরা তন্ত্রসাধনা করেন। তারাপীঠের আনাচে কানাচে ভিড় উপচে পড়ে। তারপীঠ পেরিয়ে বর্ধমানের কাঁকসার জঙ্গলেও সাধনা হয়। যজ্ঞের আয়োজন হয়েছিল। তবে সেই যজ্ঞ হয়েছে বিশ্বের মানুষের মঙ্গল কামনায়।

রাজা লক্ষ্মণ সেনের আরাধ্য দেবী কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে স্থাপিত। সেখানে কৌশিকী অমাবস্যা তিথিতে যজ্ঞ হয়। ৮০০ কেজি বেল কাঠ আর ১০ কেজি ঘি লাগে এই যজ্ঞে। নবদ্বীপের শিব ভক্ত ব্রাহ্মণ সমাজ সেখানে যান যজ্ঞ করতে। ১২ ঘণ্টা ধরে এক নাগাড়ে চলে মন্ত্র উচ্চারণ।
সিদ্ধি লাভের আশায় নয়। এই যজ্ঞ সপ্তসতী চণ্ডি মঙ্গলযজ্ঞ। সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করা হয় এই যজ্ঞ। কৌশিকী অমাবস্যা তিথিতে কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে ব্যতিক্রমী এই যজ্ঞ হয়। দূরদূরান্তের ভক্তদেরও সমাগম হয়।
নবদ্বীপের শিব ভক্ত বাবুলাল গোস্বামী বলেন," আমরা গত ১০ বছর ধরে সুরত রাজা এবং লক্ষ্মণ সেনের গড় জঙ্গলের মধ্যে শ্যামরূপার মন্দিরে আসি যজ্ঞ করতে। দেশের বিভিন্ন প্রান্তে অধর্মের ঘটনা ঘটছে। সেই অধর্মের বিনাশ সহ সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করি।"
শ্যামরূপা মন্দিরের সেবাইত সন্তোষ রায় বলেন,"মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যা তিথিতে অনেকেই আসেন পুজো দিতে। নবদ্বীপের বহু মানুষ আসেন পৃথিবীর মানুষের মঙ্গল কামনায়। সারা রাত ধরে যজ্ঞ করেন। তান্ত্রিক জ্যোতিষ থেকে ভক্তরা আসেন এখানে। আমরা সমস্ত রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।"












Click it and Unblock the Notifications