অভিষেকের সফরের মাঝেই বড় ধাক্কা! রাতারাতি তৃণমূল ছাড়লেন একাধিক নেতা
সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনকে মাথায় রেখে নব-জোয়ার কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। একেবারে গোপন ব্যালটে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আর এরপর থেকেই একের পর এক জায়গাতে অশান্তির ছবি দেখেছে বাংলার মানুষ।
যা নিয়ে অস্বস্তিতে শীর্ষ তৃণমূল নেতৃত্ব। আর এর মধ্যেই ফের একবার ধাক্কা শাসকদলের। তাও আবার কিনা উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর চলাকালীনই। নব জোয়ার জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে তুফানগঞ্জের চিলাখানা ও ক্রিয়া সংস্থার মাঠে রাত্রি যাপন করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের।

ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। আর তার আগেই বিদ্রোহ জেলা তৃণমূলে। দলের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিয়ে দলবেঁধে ইস্তফা ৩২ তৃণমূল নেতার। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের ধলপল-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এক সঙ্গে ৩২ তৃণমূল নেতার ইস্তফা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বিশেষ করে সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে একসঙ্গে ৩২ তৃণমূল নেতার ইস্তফা নিঃসন্দেহে বড় ধাক্কা শাসকদলে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোচবিহার জেলা সফরের মধ্যেই এই ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিদ্রোহী তৃণমূল কর্মীদের দাবি, তাঁরা দিনের পর দিন দলে থেকেও কোনও ভাবেই পুরনো কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না।

শুধুয় তাই নয়, দলের বিরুদ্ধে একাধিক অসন্তোষের কারণও তুলে ধরেছেন বিদ্রোহী নেতারা। আর সেই কারণে এই গণইস্তফা বলেই জানিয়েছেন ধলপল -১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ৩২ জন পদাধিকারী। বিদ্রোহী তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক, ব্লক কমিটির একাধিক সদস্য।
তৃণমূলে এভাবে গণ ইস্তফা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি। যুগল কিশোর দাস বলেন, তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর সেই কারণেই এই ঘটনা। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এক নেতা।

আজ নব জোয়ার কর্মসূচিতে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচনের আগে যখন দলকে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে দলকে মজবুত করার চেষ্টা করছেন। এই অবস্থায় একাধিক তৃণমূল নেতার দলত্যাগ চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications