West Bengal Panchayhat Election 2023: মুর্শিদাবাদে জোড়া বোমা বিস্ফোরণ, আতঙ্ক ভোটের আগে
ফরাক্কার পর বোমা বিস্ফোরণে কেঁপে উঠল রানিনগর। এক দিনে মুর্শিদাবাদের দুই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল পঞ্চায়েত নির্বাচনের মুখে। এই বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। সোমবার দুপুরে এই বোমা বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। তারা উদ্ধারকার্য শুরু করেন। সোমবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কাতে আমবাগানের মধ্যে খেলা করার সময়ে বোমা ফেটে আহত হয় চারজন শিশু। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিনগর থানার নবীরমোড় এলাকায় তৃণমূল কংগ্রেসকর্মী মফিজুল মোল্লার বাড়ির সামনে গোয়ালঘরে বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মফিজুল মোল্লার বাড়ির পিছনে গোয়ালঘরে কীভাবে বোমা এল তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।
বিস্ফোরণের ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বোমা বিস্ফোরণের তিব্রতায় গোয়ালঘরের টালির চাল উড়ে গিয়েছে। অর্থার বোমার অভিঘাত ছিল প্রচণ্ড। একদিনে জেলাতে পরপর দুটি বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পঞ্চায়েত ভোটের আগে।












Click it and Unblock the Notifications