বিডিও'র চেয়ারে বসেই অভিষেকের সঙ্গে বৈঠকে বিধায়ক ইদ্রিশ! অস্বস্তিতে তৃণমূল
ফের বিতর্কের কেন্দ্রে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। সোমবার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও-র চেম্বারে বসে অনলাইনে চলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যোগ দিলেন বিধায়ক। ছিলেন অন্যান্য তৃণমূল তৃণমূল নেতারাও। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
সোমবার সমস্ত জেলা নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ সেই বৈঠকে যোগ দেন সমস্ত জেলার তৃণমূল শীর্ষ নেতা এবং বিধায়করাও। সেই মতো ছিলেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলিও।

ইতিমধ্যে ওই বৈঠকের কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। আর তাতে দেখা যাচ্ছে বিডিও'র চেয়ারে বসেই একেবারে বৈঠক করছেন ইন্দ্রিশ সাহেব। সঙ্গে রয়েছেন অন্যান্য ভগবানগোলার তৃণমূল জেলা শীর্ষ নেতৃত্বরাও। একাধিক এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
কীভাবে বিডিও চেয়ারে বসে তৃণমূল বিধায়ক বৈঠক করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি অন্যান্য তৃণমূল নেতারাও বা কীভাবে বিডিও'র ঘরে ঢুকে এভাবে দলীয় বৈঠক করলেন তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন জেলার বিরোধীরা।
যদিও বিতর্কে পড়ে বিধায়ক ইদ্রিশ আলির সাফাই, বিডিও'র অনুমতি নিয়েই এই বৈঠক করেছেন। শুধু তাই নয়, তাঁর অফিসে ইন্টারনেটের ব্যবস্থা নেই বলেও জানিয়েছেন এই বিধায়ক। তাঁর আরও দাবি, অনলাইন বৈঠকের জন্য তাই আবেদন জানিয়েছিলেন বিডিওকে। আর সেই অনুরোধ মেনেই বিডিও তাঁকে সাহায্য করেছেন বলে দাবি ইদ্রিশ আলির। তবে তিনি বিডিও'র চেয়ারে বসেননি বলেই জানিয়েছেন। ভগবানগোলার তৃণমূল বিধায়কের কথা মতো ওই চেয়ারয়টি অতিথিদের জন্যে বরাদ্দ একটি চেয়ার।

তবে বিডিও'র চেম্বারে কেন করলেন দলের সভা ? এই বিষয়ে সদুত্তোর দিতে পারেননি বিধায়ক। শুধু বিধায়কই নয়, কীভাবে বিডিও এই অনুমতি দিলেন তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও ভগবানগোলা ২ ব্লকের বিডিও মোহম্মদ ওয়ারশিদ খান জানিয়েছেন, শুধুমাত্র বিধায়ককেই বৈঠক করার অনুমতি দিয়েছিলেন তিনি। দলের অন্য নেতারা চলে আসবেন সেটা বুঝতে পারেন নি।
সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি সামনে আসায় শুরু রাজনৈতিক তরজাও। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করেননি। তবে বিজেপিকে এই ঘটনায় তৃণমূল এবং সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ইন্দ্রিশ আলিকে সাবধান করে ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।













Click it and Unblock the Notifications