সাগরদিঘিতে ফের হারল তৃণমূল, আবারও বাজিমাত বাম-কংগ্রেস জোট প্রার্থীর
সাগরদিঘিতে আবারও হারের মুখ দেখতে হল তৃণমূলকে। ফের বাজিমাত করলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। মুর্শিদাবাদে তবে কি তৃণমূলের জারিজুরি শেষ হতে বসেছে এবার, সেই অবধারিত প্রশ্নটাই তুলে দিল সাগরদিঘি। মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচন মোড় ঘুরিয়ে দিয়েছিল গতমাসেই! সেই ধারা বজায় রইল এবার নির্বাচনেও।

অক্সিজেন পেল বাম ও কংগ্রেস জোট
সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জয় অক্সিজেন জুগিয়েছে বাম ও কংগ্রেস জোটকে। বিশেষ করে কংগ্রেস আবার অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে উজ্জীবিত হয়ে উঠেছে। তৃণমূলের তিনবারের জেতা আসনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে চাইছে না গ্র্যান্ড ওল্ড পার্টি।

আবার জয়ী বাম ও কংগ্রেস জোট
বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের ভোটে জয়ী হল বাম ও কংগ্রেস জোট। বাম ও কংগ্রেস জোটের প্রার্থীদের কাছে ধরাশায়ী হল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দুই পদেই দয় পেল বাম-কংগ্রেস।

তৃণমূলকে হারিয়ে কংগ্রেস ও বামেরা উজ্জীবিত
সাগরদিঘি উপনির্বাচনে জেতার পর লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের এই জয় মুর্শিদাবাদে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত বলে মনে করছে কংগ্রেস নেতৃ্ত্ব। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই নির্বাচনের ফলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু কংগ্রেস ও বামেরা বেশ উজ্জীবিত।

বাম-কংগ্রেস জোট প্রার্থীদের কাছে হার তৃণমূলের
লালবাগ মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে মোট ২৫৪ জন ভোটদাতা আইনজীবীর মধ্যে ২১৬ জন ভোট দেন। ভোটের ফল প্রকাশ পাওয়ার পর দেখা যায় এই নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা বাম-কংগ্রেস জোট প্রার্থীদের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বাম-কংগ্রেস জোটপ্রার্থী সম্পাদক পদে মহম্মদ দেলোয়ার হোসেন ১২৩টি ভোট পেয়েছেন। তৃণমূল প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ৮৪টি ভোট।

বাম-কংগ্রেস সম্মিলিতভাবে লড়াইয়ে শামিল
বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে তৃণমূল সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন একইসংখ্যক ৮৪টি ভোট। আর বাম-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থী সাইদুরজামান সরকার পেয়েছে ১২৫ ভোট। পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে বাম-কংগ্রেস সম্মিলিতভাবে যে ফল করে চলেছে, তাতে খুশি বাম-কংগ্রেস শিবির।

মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি
পঞ্চায়েত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বাম-কংগ্রেস ঘুরে দাঁড়াতে চাইছে। মুর্শিদাবাদ ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০১৯-এর নির্বাচন থেকেই এই মুর্শি্দাবাদ খানিকটা ঘুরে যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস মুছে যায়। তৃণমূলের জয়জয়কার হয়। আর বিজেপি চলে আসে দ্বিতীয়স্থানে।

বাংলায় প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছে কংগ্রেস
এই অবস্থা অধীর-গড়ে কংগ্রেস হারানো জমি ফিরে পেতে টার্গেট করে সাগরদিঘি উপনির্বাচনকে। এই উপনির্বাচনে বামেদের সঙ্গে নিয়ে কংগ্রেস তিনবারের জয়ী তৃণমূলকে হারিয়ে দেয়। তারপরই সাগরদিঘি উপনির্বাচনের ফলকে পাথেয় করে কংগ্রেস উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলায় প্রাসঙ্গিকতা ফিরে পেতে।












Click it and Unblock the Notifications