অভিষেকের 'স্বীকারোক্তি' কংগ্রেস জিতবে! দিদির সঙ্গেও কং-প্রার্থীর ছবি আছে, 'খোকাবাবু'কে জবাব অধীর চৌধুরীর
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে অভিযোগ করেছিলেন কংগ্রেস প্রার্থীর বিজেপির যোগ রয়েছে। কেন কংগ্রেস প্রার্থীর সঙ্গে সবার ছবি তার ব্যাখ্যা দিয়েছেন অধীর চৌধুরী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাগরদিঘির কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের ছবি দেখিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপি যোগ রয়েছে। সেই সাগরদিঘিতেই প্রচার করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, দিদির সঙ্গেও ছবি রয়েছে বায়রন বিশ্বাসের। কেন রয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের খোকা
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি থেকে অধীর চৌধুরীকে নাম না করে নিশিনা করেছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিন দিনের ছোরা বলে কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের খোকাবাবু কোথায় কী বলছে, সব কথার জবাবের প্রয়োজন হয় না। এনআরসি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি বলেন, যখন সংসদে এনআরসি পাস হয়, তখন কংগ্রেস তার বিরোধিতা করে ভোটাভুটি করে। কিন্তু সেখানে তৃণমূলের নয় সাংসদ অনুপস্থিত ছিলেন। তার মধ্যে জঙ্গিপুরের সাংসদও ছিলেন বলে উল্লেখ করে অধীর চৌধুরী।

কেন সবার সঙ্গে ছবি বায়রনের
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন মুর্শিদাবাদে জাকির হোসেন , মুস্তাক হোসেনের বিড়ি ফ্যাক্টরি, অফিস-বাড়িতে তল্লাশি চালানো হলেও, বায়রনের অফিস-বাড়িচে হয়নি। এব্যাপারে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, দিদির হাতে তো সিআইডি রয়েছে। আর প্রার্থী হতেই বায়রন শত্রু হয়ে গেল, প্রশ্ন করেন অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেন, বায়রনের বাবা বাবর আলি বিশ্বাসের থেকে ক্ষীর-মাখন খাওয়ার সময় মনে ছিল না। বাবর আলি বিশ্বাসের থেকে কি তৃণমূল চাঁদা নেয়নি, প্রশ্ন করেন অধীর।
কংগ্রেস প্রার্থীর সঙ্গে বিজেপির নেতার ছবি প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, ভাইপোর জানা উচিত যার সঙ্গে ছবি রয়েছে, সেই একটা সময়ে তৃণমূলে ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কংগ্রেস প্রার্থীর ছবি রয়েছে বলেও দাবি করেন অধীর চৌধুরী।

রাজপুত্রের 'স্বীকারোক্তি'
কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সাগরদিঘিতে একথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, একথা বলার মাধ্যমে বাংলার রাজপুত্র স্বীকার করে নিল, সাগরদিঘিতে কংগ্রেস জিততে চলেছে। সেইজন্যই এইসব ভিত্তিহীন অভিযোগ। কেন তারা বলছে না মানুষের জন্য কীকী করেছে?

কেন দিদির পুলিশে ভরসা নেই
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিদির পুলিশে ভরসা নেই, কটাক্ষে অধীর চৌধুরী প্রশ্ন করেছেন, কোন পুলিশের ওপরে ভরসা করা যাবে, সেই বলে দিক। আনিস খানের হত্যাকারীদের ১৫ দিনের মধ্যে চিহ্নিত করার কথা বলেছিলেন দিদি। কিন্তু ১ বছরেও তা হয়নি। সাগরদিঘির নির্বাচনে জয়ী হতে পাঁচওয়াক্ত নমাজ পড়া সাইদুর রহমানকে ধর্ষণের মামলায় ফাঁসিয়েছে তৃণমূল। সেই পুলিশের ওপরে কী করে ভরসা করা যাবে, প্রশ্ন করেছেন অধীর। তিনি কটাক্ষ করে বলেছেন, শুধু ভাইপো বলে তার জন্য যেখানে হাজার-হাজার পুলিশ মোতায়েন কেন? সরকারে তাঁর কী পদ, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর।












Click it and Unblock the Notifications