Murder In Murshidabad: পঞ্চায়েত বোর্ড গঠনের পরই খুন জয়ী প্রার্থীর পুত্র, খড়গ্রামে রাজনৈতিক চাপানউতোর
Murder In Murshidabad: পঞ্চায়েত নির্বাচন মিটেছে। ফলও প্রকাশিত হয়ে গিয়েছে। চলছে বোর্ড গঠনের পালা। তবুও রাজনৈতিক হিংসা থামার বিরাম নেই মুর্শিদাবাদে। বেড়েই চলেছে মৃত্যুমিছিল।
আজ পঞ্চায়েত বোর্ড গঠনের পরই খুন করা হলো জয়ী প্রার্থীর পুত্রকে। যার জেরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে খড়গ্রামের রুহিগ্রামে।

পঞ্চায়েত নির্বাচন পর্বের মতো বোর্ড গঠনের প্রথম দিনও রক্তাক্ত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস। প্রধান, উপ প্রধান, সদস্যরা শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক অশান্তির বলি হলেন জয়ী প্রার্থীর পুত্র। নাম হুমায়ুন কবীর।
প্রত্যক্ষদর্শীদের কথায়, হুমায়ুনকে রড দিয়ে মারার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। খড়গ্রাম থানার অন্তর্গত রুহি গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত হন শফিক সেখ বলে আরেকজন। তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হুমায়ুনের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

জানা যাচ্ছে, বোর্ড গঠনের সময় হাজির থেকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করে গ্রামের চায়ের দোকানে গল্প করছিলেন হুমায়ুন। তখনই একটি বিজয় মিছিল বের করা হয়। হুমায়ুনকে আবির দেওয়া হয়। চকোলেট বোম ফাটানো হয়। তা নিয়েই প্রথমে শুরু হয় কথা কাটাকাটি। এরপরই হুমায়ুনকে আক্রমণ।
তাঁর আত্মীয়দের দাবি, বিজয় মিছিলের অছিলায় পরিকল্পনা করেই হুমায়ুনকে খুন করা হয়েছে। হুমায়ুনের মা সানোয়ারা বিবি কংগ্রেসের প্রতীক চিহ্নে জয়ী হয়েছিলেন। তিনি দুই দিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সাদল গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনের মধ্যে ২টি কংগ্রেস, ৮টি নির্দল, ১৩টি টিএমসি পায়। বুধবার প্রধান হয়েছেন রাজ বানু বিবি।












Click it and Unblock the Notifications