Firing At Murshidabad: ভর সন্ধ্যায় মুর্শিদাবাদে গুলি করে নৃশংস খুন, নাম জড়াল তৃণমূল নেতা ঘনিষ্ঠের
Firing At Murshidabad: ভর সন্ধ্যায় মুর্শিদাবাদে ফের চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল একজনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম নিশিথ দাস। মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত আহিরণ হল্ট এলাকায় এই ঘটনা ঘটেছে। ভর সন্ধ্যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
বিশেষ করে প্রকাশ্যে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী। কেন এবং কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মঞ্জু ইট ভাঁটার মালিক ছিলেন নিশিথ দাস ও তার বাবা।

সেই ইট ভাঁটা নিয়ে সমস্যার জেরে এই খুন বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
শুধু তাই নয়ম ইট ভাঁটার কারনে এই গুলি বলেই মনে করছেন এলাকার বাসিন্দা থেকে পরিবারের সদস্যরা। অভিযোগের তীর রঘুনাথগঞ্জ এক নং ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের ভাগ্নে কালু ঘোষের বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ইট ভাঁটা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিবাদের কারণে নিশিথের পারিবারিক সমস্যা চলছিল। আর সেই সমস্যার জেরে শুট আউট করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ ও জঙ্গিপুর জেলা পুলিশ।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী।
প্রকাশ্যে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আর তাই ভর সন্ধ্যায় এমন গুলি চলে বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, ঘটনায় তৃণমূল নেতার ঘনিষ্ঠের নাম জড়াতেই আক্রমণের তেজ বাড়িয়েছে স্থানীয় বিরোধীরা। তবে পুরো বিষয়টি পুলিশ দেখছে বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications