Durga Puja 2024: শেষ পর্যন্ত হচ্ছে না সবচেয়ে বড় দুর্গা, পুজো বন্ধের সিদ্ধান্ত রাণাঘাটের অভিযান সঙ্ঘের
শেষ পর্যন্ত আর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দর্শন হল না রাজ্যবাসীর। রাণাঘাটের অভিযান সঙ্ঘ তাঁদের ১১২ ফুটের দুর্গা পুজো বন্ধ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। দেবী পক্ষের শুরুতেই শোনা গেল বিসর্জনের সুর। বোধনের আগেই বিদায় ঘণ্টা বাজল অভিযান সঙ্ঘের পুজোয়।
১১২ ফুটের দুর্গামূর্তি তৈরি করে চমক দিতে চেয়েছিল রানাঘাটের অভিযান সঙ্ঘ। এটি সম্পূর্ণ হলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা ঠাকুর তৈরির রেকর্ড গড়ে ফেলত তারা। কিন্তু শেষ পর্যন্ত আর সেই রেকর্ড গড়া হল না। নিরাপত্তার কারণ দেখিয়ে জেলা শাসক থেকে পুলিশ প্রশাসন কেই এই পুজোর অনুমতি দিতে রাজি হয়নি।

কাজ একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু পরিদর্শনে গিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে তাতে আপত্তি জানায় পুলিশ প্রশাসন। তারপরেই এই নিয়ে হাইকোর্টে মামলা হয়। প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছিল। গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলেই পুজোটি হচ্ছিল। এবার আর হাইকোর্টে মামলা লড়ার মতো টাকা গ্রামবাসীদের কাছে নেই বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। পুজোর জন্য ৪০ বিঘে জমি লেগেছে। সেটার জমির জন্য অনেকেই চাষ করেননি। শেষ পর্যন্ত সেই পুজো বন্ধ হয়ে যাওয়ায় গ্রামবাসীদের মন খারাপ। অনেকেই কেঁদে ফেলেছেনষ বোধনের আগেই বিসর্জনের সুর এখন রাণাঘাটের এই গ্রামে।
নদিয়ার জেলা শাসকই এই পুজোর অনুমতি দিতে চাননি। কলকাতা হাইকোর্ট তাঁকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। জেলা শাসক জানিয়েছেন যে পুলিশ থেকে দমকল, বিদ্যুৎ দফতর কেউ এই পুজোর অনুমতি দিতে রাজি হননি। সেকারণেই সুরক্ষার কথা মাথায় রেখে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুজো উদ্যোক্তারা প্রতিদিন ৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে বলে বিদ্যুৎ দফতরকে আবেদন করেছিলেন। পুজোর চারদিনে প্রায় ২০ থেকে ২৫ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে তাহলে।
সেই সঙ্গে পুজোর ভিড়ের কথাও গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগে কলকাতা শহরের দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করা হয়েছিল। তাতে এতোটাই ভিড় হয়েছিল দর্শকদের যে মাঝ পথে প্যান্ডেল বন্ধ করে দিতে হয়েছিল কলকাতা পুলিশকে। ক্ষেত্রেও তাই আগে থেকে সতর্ক পুলিশ প্রশাসন। সেরকম কোনও ঘটনার পুনরাবৃত্তি হোক সেটা তাঁরা চাইছেন না।












Click it and Unblock the Notifications