বহরমপুরেও তৃণমূলের নব জোয়ারে ভোটের আগে 'ভোটের ছবি'! তাল কাটল অভিষেকের ফাঁকা মাঠে গোলে
বেলডাঙ্গায় মাঠে নেমে গোল দিলেন অভিষেক। রেজিনগরে রোড শো শেষ করে বেলডাঙা বিধানসভা এলাকায় ফুটবলার প্লেয়ারদের সঙ্গে আলাপচারিতা সারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রাতে গোপন ব্যালটে ভোট পর্বে ছাপ্পা ভোটের অভিযোগ তুলল তৃণমূলেরই একাংশ।
এদিন দুপুরেই বেলডাঙা স্টেডিয়াম যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফুটবল মাঠে বিভিন্ন বয়সী ফুটবলারদের সঙ্গে হাত মেলান তিনি। মাঠ পরিদর্শনের পাশাপাশি গোল পোস্ট লক্ষ্য করে বলেও পা দেন তিনি। তখন গোলপোস্ট আগলে দাঁড়িয়ে এক তৃণমূল কর্মী।

নেতার পা থেকে ফুটবল সোজা চলে যায় গোলপোস্টে। বলে পা দিতে গিয়ে অবশ্য হাওয়ায় ওড়ে অভিষেকের একপাটি জুতোও। বিরোধীরা এই ঘটনায় ফাঁকা মাঠে গোল দিতে দিতে তাল কেটেছে বলেও কটাক্ষ করেছেন। এবার ভোটের ময়দানে ফাঁকা মাঠে গোল দেওয়া যাবে না বলেও, চ্যালেঞ্জ বিরোধীদের।
এরপর ফুটবলারদের আবেদনে বেশ কয়েকটি ফুটবলে সইও করেন অভিষেক বন্দ্যোপাধায়। শনিবার রাতে ভগবানগোলায় অধিবেশনের পরে এদিন হরিহরপাড়া কিষাণমান্ডির মাঠে হওয়া সভায় বিজেপি ও কংগ্রেসকে একসঙ্গে নিশানা করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় মুর্শিদাবাদের ৩ আসন দখলের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোট ভাগাভাগি হওয়ায় অধীর চৌধুরী জিতেছে। অধীর চৌধুরীকে বিজেপি'র বি টিম বলেও আক্রমণ করেছেন অভিষেক। এরপর সকাল থেকেই শুরু হয় অভিষেকের কর্মসূচি।
এদিকে এদিন সন্ধেয় মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি পালনে গোপন ব্যালোটে ভোটপর্ব শুরু হতেই বিক্ষোভে বিশৃঙ্খলা তৈরি হয়। তৃণমূলের দুপক্ষের মধ্যে মারামারি থামাতে বিশাল পুলিশ বাহিনী যায়।

এবার আর দলীর কর্মীদের প্রভাবিত করার অভিযোগই শুধু নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগও করেন তৃণমূলের একাংশ। ছাপ্পা ভোটের অভিযোগও ওঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের পাশেই তৃণমূল-তৃণমূলে লড়াই বেধে যায়। ভোটের আগেই ভোটের ছবিতে বেকায়দায় শাসক তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications