Panchayat Election 2023: ডোমকলে দলত্যাগ তৃণমূলের টিকিটে জেতা প্রার্থীর, পঞ্চায়েত দখল কংগ্রেস-সিপিআইএমের
Panchayat Election 2023: মুর্শিদাবাদে ফের ম্যাজিক দেখাল কংগ্রেস। ডোমকলে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা প্রার্থী যোগ দিলেন কংগ্রেসে। সংখ্যালঘু প্রার্থীর এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
এই ঘটনা ফের সামনে নিয়ে এলো মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি। ডোমকলের মধুরকুলে তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠনের স্বপ্নের আপাতত সলিল সমাধি। উলট পুরাণে শোরগোল জেলার রাজনীতিতে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে, অন্য দলের টিকিটে জেতা প্রার্থীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগে থেকেই মুর্শিদাবাদে তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়েছিল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সঙ্গে বাস্তব অবস্থার মিল নেই বলেই দাবি করছে বিরোধী রাজনৈতিক দল। পুলিশ, প্রশাসনের মদতে শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ উঠেছে।
আজ বহরমপুর কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন ডোমকলের মধুরকুল অঞ্চলের ১১৭ নম্বর আসন থেকে জয়ী তৃণমূল প্রার্থী রাফিজা বিবি। তাঁর কথায়, তৃণমূলে দুর্নীতি ও স্বজনপোষণের প্রতিবাদ জানিয়েই এই দলত্যাগ। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে।
মনোজ চক্রবর্তী বলেন, আমরা এ রাজ্যে এবং কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল। সরকারে নেই। পুলিশ, প্রশাসনের তরফে সহযোগিতা পাবেন না জেনেও রাফিজা কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কোনওভাবেই জোর করে তাঁকে দলে নেওয়া হয়নি। তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেই কংগ্রেসে এলেন।

জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, দলত্যাগের কোনও খবর আমার কাছে নেই। আমি খবর নিয়ে জানাব। উল্লেখ্য, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে তৃণমূলের রক্তক্ষরণ আগামী বছর লোকসভা ভোটের আগে যথেষ্টই ইঙ্গিতবাহী। তাছাড়া প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করে শাওনি সিংহ রায়, অপূর্ব সরকারদের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের বিধায়ক-সহ অনেকেই।
পঞ্চায়েত নির্বাচনে মধুরকুল পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে ৭টি আসন দখল করে কংগ্রেস, ১টি দখল করে সিপিআইএম এবং ৮টি দখল করে তৃণমূল। তারপর থেকেই পঞ্চায়েতে কারা বোর্ড গঠন করবে তা নিয়ে জল্পনা ছিল। রাফিজার দলত্যাগে কংগ্রেস-সিপিআইএম জোটের বোর্ড গঠনের পথ প্রশস্ত হয়ে গেল। একইসঙ্গে আরও কোনও নাটক অপেক্ষায় আছে কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications