Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে মুর্শিদাবাদে নিহত ১, অভিযুক্ত তৃণমূল
Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট আর ২ সপ্তাহ দূরে। তার আগে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আজ মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আতঙ্কের পরিবেশ তৈরি করতে তৃণমূল কংগ্রেসই বোমা বাঁধার কাজ চালাচ্ছিল বলে অভিযোগ। যদিও তা মানতে চাননি টিএমসির বিধায়ক।

পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তির খবর আসছে বিভিন্ন জেলা থেকে। মনোনয়ন পর্ব শুরুর দিন থেকে রাজনৈতিক খুনের ঘটনাও সামনে এসেছে। মুর্শিদাবাদ জেলার নামও রয়েছে সেই তালিকায়। বিভিন্ন জেলায় পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। তারই মধ্যে ফের প্রাণহানির ঘটনা ঘটল মুর্শিদাবাদেই।

বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের গড়িমসিতে অশান্তি দমনে তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে বাহিনী মোতায়েন করা হলে খুন, জখম হওয়ার ঘটনা এড়ানো যেত বলে বিরোধীদের দাবি।
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত মজ্যমপুরে বোমা বাঁধতে গিয়ে আজ বোমা ফেটে মৃত্যু হয় একজনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম আলিম শেখ। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৯টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মজ্যমপুর বাগানী পাড়া নতুনপাড়াতে ঘটনটি ঘটে। মৃতের বাড়ি কাপাসডাঙ্গাতে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই জেলায় তৃণমূলের মূল লড়াই কংগ্রেসের সঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বাঁধার কাজে আলিমকে ভাড়া করে নিয়ে এসেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্যই বোমা বাঁধার কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ।

যদিও বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে চাই। সে কারণে বিরোধী দলগুলিও মনোনয়ন জমা দিতে পেরেছে। আগে এমনটা হয়নি। পুলিশকে বলব নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করতে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করুক পুলিশ।












Click it and Unblock the Notifications