Panchayat Election 2023: অভিষেকের কর্মসূচির দিন দলীয় বিধায়কের সভা! ফিরহাদ বিদ্রোহীদের দিলেন কড়া বার্তা
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে বেড়েই চলেছে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল প্রচারে আসবেন মুর্শিদাবাদের ডোমকলে। রোড শো রয়েছে।
সেদিনই বহরমপুরে সভার ডাক দিয়েছেন হরিহরপাড়ার টিএমসি বিধায়ক নিয়ামত শেখ। প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে সরব হয়েছেন বিধায়ক হুমায়ন কবীরও। তাঁদের উদ্দেশে এবার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

হুমায়ুন কবীর যেভাবে দলের একাংশের বিরুদ্ধেই সরব হয়েছেন সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন। কোনও সিদ্ধান্ত মনঃপুত না হলে দলের ফোরাম রয়েছে, সেখানে বলুন। অভিষেকের সভার দিন দলীয় বিধায়কের পাল্টা কর্মসূচিকে কোনওভাবে সমর্থন করা যায় না বলেও স্পষ্ট করেন ফিরহাদ।
বিধায়ক নিয়ামতকে সভা বাতিলের বার্তা পাঠিয়ে ফিরহাদ বলেন, প্রার্থী নিয়ে পছন্দ-অপছন্দ থাকতে পারে। কিন্তু দল যখন করি একসঙ্গে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আলোচনা করলে দলের মধ্যে করতে হবে। প্রতিবাদ করলেও দলের মধ্যে, চার দেওয়ালের মধ্যে করতে হবে। জনসমক্ষে দলকে তা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরও যে ক্ষতি, সেটা উপলব্ধির বার্তাও দেন ফিরহাদ।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বোমা উদ্ধারে পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে ফিরহাদ বলেন, আরও ধন্যবাদ জানাতাম যদি বোমার উৎস বের করা যেত। এত বোমা ও দুষ্কৃতী কোথা থেকে আসছে, কীভাবে বোমার মশলা পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের কাছে,বাংলাকে বদনাম করতে কাদের প্ররোচনায় এ সব হচ্ছে তা খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করেন ফিরহাদ হাকিম।

তাঁর কথায়, বড় ধরনের ষড়যন্ত্র চলছে। কেন্দ্রীয় সরকার সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করছে এবং বিএসএফকে তাদের এরিয়া বাড়িয়ে দিয়েছে। রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করছে। কিছুদিন আগে বিএসএফ কোচবিহারে একজনকে হত্যা করল। শীতলকুচিতেও লাইনে দাঁড়ানো ভোটারদের উপর বাহিনী গুলি চালিয়ে মারল। তার কোনও বিচার নেই। আমরা চাই কোনও মায়ের কোল যেন খালি না হয়।

ফিরহাদ হাকিম আরও বলেন, আদালতের নির্দেশে প্রয়োজনীয় বাহিনী পাঠাতেও টালবাহানা করছে কেন্দ্র। অরাজক পরিস্থিতি তৈরি করছে। আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। এখন নির্বাচন কমিশনের। বাহিনী পাঠালে কমিশন ঠিক করবে কোথায় মোতায়েন করা হবে। বিরোধীরা তৃণমূলকে হারাতে জোট বাঁধলেও তাকে আমল দেননি ফিরহাদ।
মুর্শিদাবাদে বিজেপির হয়ে সংখ্যালঘু প্রার্থীদের কটাক্ষ করে ফিরহাদ বলেন, সংসদে বিজেপির মুসলিম সাংসদ নেই, মন্ত্রী নেই। উত্তরপ্রদেশেও নেই। মুর্শিদাবাদ জেলাতে কিছু কিছু লোক আছেন যাঁরা গুজরাতের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এখানে বিজেপি প্রার্থী হয়েছেন। মানুষ তাঁদের ভালো চোখে দেখেন না।












Click it and Unblock the Notifications