Panchayat Election 2023: বিজেপি ও কংগ্রেস এক দেওয়ালে, পঞ্চায়েতে দোস্তি দিল্লিতে যুযুধান দুই পক্ষের
বিজেপি ও কংগ্রেসের দোস্তির প্রমাণ মিলল এবার বাংলায়! এক দেওয়ালে ফুটে উঠল দুই যুযুধানের ভোট-চিত্র। একেই বোধয় বলে দিল্লিতে কুস্তি আর পঞ্চায়েতে দোস্তি। এবার বাংলা পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে মিলিয়ে দিল দিল্লির দুই যুযুধান প্রতিপক্ষ বিজেপি ও কংগ্রেসকেও।
এবার পঞ্চায়েত নির্বাচনে এক দেওয়ালে কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে দেখা যাচ্ছে। এর আগে কিছু ক্ষেত্রে বামেদের সঙ্গে এক দেওয়ালে দেখা দিয়েছে বিজেপিকে। এবার কংগ্রেসও শামিল হল সেই জোটে। ফলে বাংলায় যে তৃণমূলের বিরুদ্ধে তলায় তলায় জোট করেছে বাম, কংগ্রেস ও বিজেপি, তার প্রমাণ মিলতে শুরু করেছে।

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি অনুখা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের অধীনে ঘোষবাটি গ্রামে বিভিন্ন দেওয়ালে কংগ্রেস ও বিজেপির এক সঙ্গে দেওয়াল লিখন দেখা গিয়েছে। বিভিন্ন পোস্টারে দেখে গিয়েছে কংগ্রেস ও বিজেপির যৌথ প্রচার।
মূলত এই দেওয়াল লিখন এবং পোস্টারে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থীকে ভোট দিন এবং জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আবার কোনো দেওয়ালে এমনও লেখা রয়েছে যে, কংগ্রেস ও বিজেপির জোট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই দেওয়াল লিখন ও পোস্টার সর্বসম্মুখে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে এই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি। এতদিন তাঁরা যে অভিযোগ করে আসছিল, তা যে কতটা সত্য, তার প্রমাণ এই দেওয়াল লিখন।

এই ঘটনায় কংগ্রেস নেতৃত্ব জানান, বিজেপির পালে হাওয়া নেই এবার, তাই তারা কংগ্রেসের পোস্টার ছাপিয়ে পালে হাওয়া তোলার চেষ্টা চালাচ্ছে। আমরা বলেছি এই পোস্টার খুলে ফেলতে এবং দেওয়াল লিখন মুছে দিতে। যদি এর অমান্য হয় তাহলে আমার থানায় যাব এই ঘটনার পরিপ্রেক্ষিতে।
পাশাপাশি বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে মানুষের জোট বলে জানিয়েছেন। তবে এই ঘটনার পর রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে বাংলার পঞ্চায়েত নয়া সমীকরণ নিয়ে। এবার পঞ্চায়েতের শুরু থেকেই নীচুতলায় তৃণমূল বিরোধী জোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। যে যেখানে শক্তিশালী সে সেথানে প্রা্র্থী দিয়েছে, অন্যরা সমর্থন জানিয়েছে। এভাবেই তারা শী্র্ষ নেতৃত্বের ফরমান অমান্য করেই তৃণমূল বিরোধিতায় শামিল হয়েছে।












Click it and Unblock the Notifications