"মানুষের ভোটে মহুয়া জিতবে", কৃষ্ণনগরের মঞ্চ থেকে বার্তা মমতার
কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্তিনের তাস মহুয়া মৈত্র? বৃহস্পতিবার মঞ্চ থেকে এ কথা পরিষ্কার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। মহুয়া আগামী দিনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন এই লোকসভা কেন্দ্র থেকেই। এই বিষয়টি আরও নিশ্চিত হয়ে গেল।
অতি সম্প্রতি মহুয়া মৈত্র বিতাড়িত হয়েছেন লোকসভা ভবন থেকে। এথিক্স কমিটি তাঁকে শাস্তি দিয়েছে। খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ। তৃণমূল কংগ্রেস প্রথম দিকে মহুয়া মৈত্র সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করেনি। কিন্তু পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস দল হিসেবে সাংসদের পাশে দাঁড়িয়ে যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়ার পক্ষে বক্তব্য রাখেন।

কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এদিন সকালে বেশ কিছুটা পথ মুখ্যমন্ত্রী হেঁটেছেন। মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন তিনি। দেখা যায়, মহুয়া মৈত্র সঙ্গে রয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর পাশে হাঁটতেও দেখা যায় মহুয়াকে। পরবর্তী সময়ে মঞ্চেও কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ মহুয়াকে দেখা যায়।
মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়েই যে মুখ্যমন্ত্রী এদিন কর্মসূচি শেষ করবেন। তা পরিষ্কার হয়ে গিয়েছিল। মহুয়া মৈত্রের পক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাট করলেন। বিজেপির বিরুদ্ধেও মহুয়াকে সামনে রেখে বক্তব্য রাখলেন। "মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে। কারণ মহুয়া মানুষের কথা বলত।" পরিষ্কার এই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
"তোমরা জোর করে তাড়িয়ে দিতে পার। কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবেই৷ আমি বিশ্বাস করি মানুষ ফের ওঁকে ভোট দিয়ে জিতিয়ে আনবে।" এমনই বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে মহুয়া মৈত্র দলের হয়ে টিকিট পাচ্ছেন? এমনই বার্তা এদিন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মহুয়া মৈত্র বরাবর বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো কথা বলেন। সংসদ ভবনে তিনি আক্রমণাত্মক বক্তৃতা দেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও তাঁর জনসংযোগ যথেষ্ট বেশি। সেই কারণে মহুয়ার প্রতি মানুষের সমর্থন রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই মহুয়াকেই এবার সামনে এগিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী।
ডিসেম্বর মাসে তাঁর সাংসদ পথ খারিজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় উত্তরবঙ্গে ছিলেন। তিনি মহুয়া মৈত্রের পাশে দাঁড়ান। এই ঘটনা ঠিক হয়নি এমনই বক্তব্য ছিল তৃণমূল নেত্রীর। এরপর কৃষ্ণনগরের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখতে পাওয়া গেল মহুয়াকে। মানুষের সমর্থন আদায়ে মহুয়া কি এবার মাঠে নেমে পড়বেন? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications