রাণাঘাট কেন্দ্র নিজের কাছে রাখলেন জগন্নাথ সরকার, গেরুয়া আবির উড়ল
রাণাঘাট কেন্দ্রে হেরে গেলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী৷ নিজের আসন ধরে রাখলেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। মতুয়া ভোটব্যাঙ্ক বিজেপির দিকেই এই কেন্দ্রে থাকল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।
নদিয়ার এই কেন্দ্র শুরু থেকেই যথেষ্ট চর্চায় ছিল৷ রাণাঘাট কেন্দ্র থেকে ২০১৯ সালে জয়ী হয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকার। এবারও এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি৷ রাণাঘাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী।

তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। শুধু তাই নয়, তৃণমূল ওই কেন্দ্রে তাকেই প্রার্থী করে। শুরু হয়ে যায় লড়াই। রাণাঘাট কেন্দ্রে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার দিকে এই মতুয়া ভোটব্যাঙ্ক যাবে? সেই নিয়ে প্রচারও চলেছিল দুই দলের মধ্যে।
ভোটের দিন দুই পক্ষই মাটি আঁকড়ে পড়েছিল। বিক্ষিপ্ত কিছু গোলমালের খবরও পাওয়া যায়। মঙ্গলবার সকালে গণনা শুরু হয় এই কেন্দ্রে। শুরুর দিকে মুকুটমণি অধিকারী এগিয়ে গিয়েছিলেন। প্রথম কয়েক রাউন্ড গণনায় কয়েক হাজার ভোটে এগিয়ে গিয়েছিলেন তিনি।
তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ বাড়তে থাকে। বহু জায়গায় শুরু হয়ে যায় সবুজ আবির খেলা। কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টি বিলিও করতে দেখা যায়। কিন্তু দুপুরের পর থেকে ফল বদলে যেতে থাকে। একের পর এক ইভিএম মেশিন খোলা হয়৷ খেলা ঘুরতে থাকে।
ভোটে এগিয়ে যেতে থাকেন জগন্নাথ সরকার। একটা সময় ৫০ হাজারের বেশি ব্যবধান হয়ে গিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত জগন্নাথ সরকার মুকুটমণি অধিকারীকে হারিয়ে দিয়েছেন। ৮০ হাজারের বেশি ভোটে হেরে গেলেন তৃণমূল প্রার্থী।












Click it and Unblock the Notifications