৪৫-এর মধ্যে 'ঠগী' পিসির পার্টি কটি আসন পাবে, ভবিষ্যদ্বাণী শুভেন্দুর! মুর্শিদাবাদের অনুন্নয়ন নিয়ে নিশানা মমতাকে
তৃণমূল কংগ্রেসকে 'ঠগী' পিসির পার্টি বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে সভা করেন। সেখান থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।
শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, মাফলার গিয়েছে, এবার হাওয়াই চটির পালা। তিনি আরও বলেন, ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল মন্ত্রিসভার অর্ধেক জেলে গিয়েছে। মোদীজি তৃতীয়বার ক্ষমতায় এলে বাকিরাও ঢেলে ঢুকবে।

- 'ঠগী' পিসির পার্টি
বিরোধী দলনেতা এদিন তৃণমূল কংগ্রেসকে 'ঠগী' পিসির পার্টি বলে আক্রমণ করেন। তিনি বলেন, সারা দেশের মধ্যে বিজেপির ৫৪৩ টির মধ্যে সবকটিতেই প্রার্থী দিয়েছে। আর তৃণমূল পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৪২ টি, অসম আর মেঘালয়ে একটি করে, উত্তর প্রদেশে অখিলেশ যাদবের বদান্যতায় একটি আসনে প্রার্থী দিয়েছে।
এব্যাপারে শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণী, এই পঁয়তাল্লিশের মধ্যে পাঁচটা আসনও জুটবে না তাদের।
জেলা জুড়ে অনুন্নয়নের অভিযোগ
বিরোধী দলনেতা এদিন মুর্শিদাবাদ জেলা জুড়ে অনুন্নয়নের অভিযোগ করেন। তিনি বলেছেন, সেখানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুরোপুরি চালু হয়নি। সেনা নিয়োগ কেন্দ্র অবস্থাও সেরকমই। বিড়ি শ্রমিকরা সুবিধা পান না। জেলার পাটচাষীরা সুবিধা পান না।
- কংগ্রেস প্রার্থীকে নিশানা
শুভেন্দু অধিকারী এদিন নাম না করে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মুর্তজ হোসেনকে নিশানা করেন। তিনি বলেন, কংগ্রেস এমন এক প্রার্থীকে দাঁড় করিয়েছে, যে সকালে তৃণমূল, বিকেলে কংগ্রেস আর রাতে সিপিআইএম।
- নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে নিশানা
বিরোধী দলনেতা এদিন নিয়োগ দুর্নীতি নিয়ে জেলার একের পর এক তৃণমূল বিধায়ককে নিশানা করেন। তিনি বলেন, বরোঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছেন। তিনি আরও বলেন, দেওয়ার ওপর থেকে ওই বিধায়ক মোবাইল ফেলেছিলেন পুকুরে। প্রসঙ্গত ২০২৩-এর ১৪ এপ্রিল জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। প্রায় ৬৫ ঘন্টা পুকুর তোলপাড় করার পরে দুটি মোবাইল পাওয়া যায় এবং বাগানে ব্যাগের থেকে কয়েকটি মার্কশিট পাওয়া যায়।
বিরোধী দলনেতা এদিন খড়গ্রাম এবং নবগ্রামের দুই তৃণমূল বিধায়ক যথাক্রমে আশিস মার্জিত এবং কানাই মণ্ডলকে নাম করে নিশানা করেন। তিনি বলেন, কানাই মণ্ডল তো মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু তার কী হল। এই দুই বিধায়ক নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণ সাহার এজেন্ট হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
- আরও কয়েক বিধায়কের নাম উল্লেখ
বিরোধী দলনেতা এদিন সুতির ইমানি বিশ্বাস, রঘুনাথগঞ্জের আখরুজ্জমান এবং সামসেরগঞ্জের বিধায়কের নাম করে বলেন এরা সবাই কোনও না কোনও সময় কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে এসেছে।












Click it and Unblock the Notifications