Exit Poll: মুর্শিদাবাদে বাম-কংগ্রেস কি হারাতে পারবে তৃণমূলকে, কী আভাস বুথ ফেরত সমীক্ষায়
সুষ্ঠু ও অবাধ ভোট হয়নি। বাংলাজুড়েই হিংসা ও সন্ত্রাসের আবহে হয়েছে ভোট। রক্ত ঝরেছে, ঘটেছে বহু প্রাণহানি। এই অবস্থায় বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে সামনে এল। সি ভোটারের জনমত সমীক্ষা তাই যে আভা দিয়েছিল, তার সঙ্গে সঙ্গতি রেখেই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশ হয়েছে।
এবার যে একতরফাভাবে সমস্ত জেলা পরিষদ জিততে পারবে না তৃণমূল, সেই আভাস ছিলই। সমীক্ষকরা বলেছিলেন বিরোধীরাও এবার মাথা তুলে দাঁড়াবে জেলা পরিষদে। একাধিক জেলা পরিষদ বিরোধীরা দখলও করতে পারে। মুর্শিদাবাদে এবার কাঁটে কা টক্করে বাম-কংগ্রেসের এগিয়ে থাকার কথা জানিয়েছিল সমীক্ষা, কিন্তু বুথ ফেরত সমীক্ষা অন্য আভাস দিচ্ছে।

তবে মুর্শিদাবাদে এবার তৃণমূলের সঙ্গে নেক টু নেক ফাইট দেবে কংগ্রেস। তৃণমূল এবার বেশ কয়েকটি জেলায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে। তবে সমীক্ষকদের আভাস অশান্তি-হিংসার ভোটে শেষমেশ বাম-কংগ্রেসের প্রতিরোধ মুছে মুর্শিদাবাদ দখল রাখতে পারে তৃণমূলই।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবারের ভোটে মুর্শিদাবাদের ৭৮টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৯ থেকে ৪৯টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ২৬ থেকে ৩৬টি আসন। আর বিজেপি পেতে পারে সর্বোচ্চ চারটি আসন।

সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হারের পরে এবার পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেস এই জেলায় ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করেছিল সমীক্ষকরা। সি ভোটারের জনমত সমীক্ষার রিপোর্ট ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের ভোটে ৭৮টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ৩৩ থেকে ৪৩টি আসন। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় আভাস, মুর্শিদাবাদ থাকছে তৃণমূলেরই।
বামেদের সঙ্গে হাত মিলিয়ে এবার কংগ্রেস এই জেলা পরিষদে জয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল। সাগরদিঘি উপনির্বাচনেই বাম-কংগ্রেসের কামব্যাকের আভাস ছিল অধীর-গড়ে। এবার সমীক্ষায় সেই আভাস পেয়ে কংগ্রেস ও বামেরা ঝাঁপিয়ে পড়েছিল ভোট ময়দানে। এবার পঞ্চায়েতে তৃণমূলকে ঝটকা দেওয়া হল না এই সন্ত্রাসের ভোটে।












Click it and Unblock the Notifications