MD Salim: তৃণমূল-বিজেপির সম্পর্ক কেটলি-কড়াইয়ের মতো! কীভাবে পঞ্চায়েত ভোটে জয়, বার্তা মহঃ সেলিমের
কংগ্রেস যেমন দেশজুড়ে তাদের কর্মসূচি নিয়েছে, ঠিক তেমনই রাজ্যে বামেরা কর্মসূচি নিয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক ইঙ্গিত করেছেন, দুদলের কর্মসূচি আলাদা।
রাজ্যে নিয়োগ দুর্নীতি, আবাস দুর্নীতি এবং গরুপাচার কাণ্ডের তদন্ত যাতে গতি পায় এবং আসল চোর যাতে ধরা পড়ে, তার জন্য আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবে বামেরা।
এদিন বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলছেন রাজ্য সিপিআইএম-এর সাধারণ সম্পাদক মহঃ সেলিম।

কংগ্রেস ও সিপিআইএম-এর কর্মসূচি
এদিন বহরমপুরে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেছেন, কংগ্রেস যেমন গোটা দেশজুড়ে আদানিকে যেভাবে মোদী বৃদ্ধি করেছে তার বিরুদ্ধে কর্মসূচি নিয়েছে, ঠিক তেমনই সিপিআইএমও কর্মসূচি নিয়েছে, পথসভা করছে। যেভাবে সারের দাম বৃদ্ধি হচ্ছে, বেকারি বাড়ছে, তার বিরুদ্ধে মানুষকে বোঝানোর কাজ চলছে। তিনি বলেন, আদানি-আম্বানিদের বিরুদ্ধে বামেদের পাশাপাশি যদি কংগ্রেসও আওয়াজ তোলে তাহলে তাদের ভাল লাগবে।

কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে সিপিআইএম
বহরমপুরে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন, সাগরদিঘিতে সিপিআইএম কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে। মানুষের ঐক্য গড়ে তুলতে এবং বিজেপি-তৃণমূলের বিরোধিতা করতেই এই কাজ করা হচ্ছে। তিনি প্রশ্ন করেন, শুভেন্দু-মমতার সম্পর্ক কি আসল না নকল? অভিষেক-অমিত শাহের সম্পর্ক কী? কে কার কোলে বসে রয়েছে, প্রশ্ন করেছেন সেলিম।

কেটলি-কড়াইয়ের সম্পর্ক
তিনি কটাক্ষ করে বলেছেন, এখানে চালুনি বলছে সুঁচকে, তোর পিছনে ফুটো। আর কেটলি বলছে কড়াইকে, তোর পিছনটা কালো। তিনি কটাক্ষ করে বলেছেন, সব থেকে বড় চোররা টেলিভিশনে বসে মূল্যবোধের বাণী শোনাচ্ছে। জেলার দাবি, ক্ষেত মজুরের দাবিতে এবং মোদী-আদানির লুটের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন।

পঞ্চায়েত ভোটে জোট হবে কি?
পঞ্চায়েত ভোটে কি বাম-কংগ্রেসের জোট হবে, এই প্রশ্নের উত্তরে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেছেন, এব্যাপারে বামফ্রন্ট সিদ্ধান্ত নেবে। তবে পঞ্চায়েত ভোটের জন্য তাদের স্লোগান হল, লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত কাড়তে হবে। চোর-যোচ্চোরদের তাড়াতে হবে, সেই কারণে গ্রাম জাগাতে হবে। তিনি বলেছেন, গ্রাম জাগানো মানে সাধারণ মানুষকে জাগানো। আর সাধারণ মানুষকে জাগানোর অর্থ হল তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে একসঙ্গে করতে হবে, প্রগতিশীল মানুষজনকে এক হতে হবে। চোর তাড়িয়ে যাঁদের জন্য এই পঞ্চায়েত তৈরি করা হয়েছিল, তাদের কাছে তা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।
এর আগে তিনি বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালানোর কথা বলেছিলেন। এবার সেই লড়াইয়ে ত্রিপুরায় যেমন কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছে। ঠিক তেমনই সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে সিপিআইএম। মাস দুয়েক পরে পঞ্চায়েত ভোটে কী হয়, এখন তারই আপেক্ষা।












Click it and Unblock the Notifications